আন্তর্জাতিক এআই সম্মেলনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ নিয়ে সরব প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী মোদী এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, ভারত যখন বিশ্বমঞ্চে সাফল্যের শিখরে পৌঁছাচ্ছে, তখন কিছু রাজনৈতিক দল তা হজম করতে না পেরে দেশকে বদনাম করার চেষ্টা করছে।
Truth Of Bengal: নয়াদিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্মেলনে কংগ্রেস কর্মীদের খালি গায়ে বিক্ষোভ প্রদর্শনের ঘটনা নিয়ে এবার সরাসরি তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের মেরঠের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, শতাব্দীপ্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস বিদেশের মাটিতে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্মান ভূলুণ্ঠিত করছে। প্রধানমন্ত্রীর মতে, আন্তর্জাতিক একটি সম্মেলনকে কংগ্রেস তাদের ‘নোংরা এবং নগ্ন’ রাজনীতির আখড়ায় পরিণত করেছে। বিক্ষোভকারীদের কটাক্ষ করে মোদী বলেন, “আপনারা তো ইতিমধ্যেই আদর্শগতভাবে নগ্ন, তবে নতুন করে পোশাক খোলার কী প্রয়োজন ছিল?” নিজের বক্তৃতায় তিনি আরও যোগ করেন যে, তাঁকে ব্যক্তিগতভাবে ঘৃণা করতে গিয়ে কংগ্রেস তাঁর মা-কেও অপমান করতে ছাড়েনি।
গত শুক্রবার দিল্লির ভারত মণ্ডপমে এআই সম্মেলন চলাকালীন একদল যুবক হঠাৎ সভাকক্ষে ঢুকে জামাকাপড় খুলে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই নজিরবিহীন ঘটনায় চরম অস্বস্তিতে পড়তে হয় আয়োজকদের। প্রধানমন্ত্রী মোদী এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, ভারত যখন বিশ্বমঞ্চে সাফল্যের শিখরে পৌঁছাচ্ছে, তখন কিছু রাজনৈতিক দল তা হজম করতে না পেরে দেশকে বদনাম করার চেষ্টা করছে। তিনি মনে করিয়ে দেন যে, এই সম্মেলনটি বিজেপির কোনও দলীয় অনুষ্ঠান ছিল না, বরং এটি ছিল গোটা দেশের গর্বের বিষয়।
কংগ্রেসের এই ধরনের প্রতিবাদী কর্মসূচির সমালোচনা করেছেন বিরোধীরাও। বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’-র শরিক তথা পশ্চিমবঙ্গের তৃণমূল মন্ত্রী বাবুল সুপ্রিয় এই ঘটনাকে ‘দুর্বল বিচারবুদ্ধির প্রতিফলন’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক নেতা ও বিনিয়োগকারীদের সামনে এমন আচরণ দেশের ভাবমূর্তির ক্ষতি করে। এদিকে, এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দিল্লি পুলিশ চারজন যুবককে গ্রেফতার করেছে। আদালত তাঁদের জামিনের আবেদন খারিজ করে ৫ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। পুলিশ দাবি করেছে, ধৃতরা পরিকল্পিতভাবে আন্তর্জাতিক স্তরে ভারতকে হেয় করার জন্য নেপালের একটি প্রতিবাদের ধাঁচে এই বিক্ষোভ সংগঠিত করেছিল।






