দেশ

তদন্তে অসহযোগিতা ও তথ্য গোপনের অভিযোগ, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার উদয় ভানু চিব

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় উদয় ভানু তদন্তকারীদের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা করেননি।

Truth Of Bengal: দিল্লি পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হলেন ভারতীয় যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব। সোমবার একটি প্রতিবাদ কর্মসূচি সংক্রান্ত মামলায় দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে তিলক মার্গ থানার পুলিশ। পুলিশ আধিকারিকদের দাবি, ওই বিক্ষোভের পরিকল্পনা ও সংগঠনের নেপথ্যে উদয় ভানুর কেন্দ্রীয় ভূমিকা ছিল এবং প্রতিবাদ কর্মসূচির যাবতীয় নীল নকশা তাঁর নির্দেশেই তৈরি হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় উদয় ভানু তদন্তকারীদের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা করেননি। এমনকি গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের উত্তরে তিনি তথ্য গোপন করেছেন অথবা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে। তবে দীর্ঘ কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে গ্রেফতার করার মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগৃহীত হয়েছে। এর পরেই তাঁকে আনুষ্ঠানিকভাবে হেফাজতে নেওয়া হয়।

গ্রেফতারির পর উদয় ভানু চিবকে আদালতে পেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্তের স্বার্থে দিল্লি পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে (পুলিশ রিমান্ড) নেওয়ার আবেদন জানাবে বলে জানা গেছে। যুব কংগ্রেসের সভাপতির এই গ্রেফতারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই দিল্লির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।