Madhya Pradesh Assembly: বিয়ের মরশুমে বিধায়করা গায়েব! বিধানসভায় ‘গণঅনুপস্থিতি’
এই অনুপস্থিতির কারণ হিসেবে রাজ্যের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় সরাসরি 'বিয়ের মরশুম'-কে দায়ী করেছেন।
Truth of Bengal: মধ্যপ্রদেশ বিধানসভায় শুক্রবার এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেল। শাসক ও বিরোধী—উভয় শিবিরের এক ডজনেরও বেশি বিধায়ক প্রশ্ন-উত্তর পর্ব (Question Hour) চলাকালীন অনুপস্থিত ছিলেন, যদিও উত্তর দেওয়ার জন্য তাঁদের প্রশ্নগুলি তালিকায় অন্তর্ভুক্ত ছিল। এই অনুপস্থিতির কারণ হিসেবে রাজ্যের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় সরাসরি ‘বিয়ের মরশুম’-কে দায়ী করেছেন।
সাম্প্রতিক ইতিহাসে সম্ভবত এই প্রথম এত বেশি সংখ্যক সদস্য তাঁদের প্রশ্ন তালিকায় থাকা সত্ত্বেও অনুপস্থিত রইলেন। এ দিন প্রশ্ন-উত্তর পর্বে স্পিকার নরেন্দ্র সিং তোমর যখন ২৫ নম্বর প্রশ্নকর্তা নিতেন্দ্র ব্রজেন্দ্র সিং রাঠোরের নাম ডাকার পর আরও ডজনখানেক বিধায়কের নাম ডাকলেন, তখন কারোরই সাড়া পাওয়া গেল না।
অনুপস্থিত বিধায়কদের মধ্যে ছিলেন কমলেশ্বর দোডিয়ার, কুনওয়ার সিং টেকাম, রাজেন্দ্র ভারতী, নরেন্দ্র সিং কুশওয়াহা, ধীরেন্দ্র বাহাদুর সিং, অরবিন্দ পাটেরিয়া, সতীশ মালবিয়া, রাজেশ কুমার শুক্লা, মধু ভগত, ভারোসিংহ, মুকেশ মালহোত্রা, বীরেন্দ্র সিং লোধী, আতিফ আকিল এবং ভূপেন্দ্র সিং-এর মতো ব্যক্তিরা।
স্পিকার পুনরায় অনুপস্থিতদের নাম ডাকার পর আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় বলেন, “এই মুহূর্তে বিয়ের মরশুম তুঙ্গে। জনপ্রতিনিধিদের পক্ষে নিজ নিজ নির্বাচনী এলাকায় এইসব সামাজিক অনুষ্ঠান এড়িয়ে যাওয়া কঠিন।” মন্ত্রী বিজয়বর্গীয় এর সঙ্গে বিধানসভায় পরামর্শ দেন যে ভবিষ্যতে বিধানসভার ক্যালেন্ডার তৈরির সময় বিয়ের মরশুমের বিষয়টি মাথায় রাখা উচিত। জনপ্রতিনিধিদের এমন গণঅনুপস্থিতি বিধানসভার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


