দেশ

হিমন্ত সরকারের বড় পদক্ষেপ, মন্ত্রিসভায় পাশ বহুবিবাহ বিরোধী বিল

সোমবার সকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, মন্ত্রিসভা এই প্রস্তাবিত বিলে সম্মতি দিয়েছে, এবং চলতি মাসের ২৫ তারিখ বিধানসভায় তা পেশ করা হবে।

Truth Of Bengal: অসমে বহুবিবাহ রোধে বড় পদক্ষেপ নিল হিমন্ত বিশ্বশর্মা। রাজ্যের মন্ত্রিসভায় পাশ হয়ে গেল ‘বহুবিবাহ প্রতিরোধ বিল’, যেখানে একাধিক বিয়ে করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে, বহুবিবাহের কারণে ক্ষতিগ্রস্ত মহিলাদের সহায়তার জন্য বিশেষ তহবিল গঠনের কথাও বলা হয়েছে এই বিলে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এই বিল হিমন্ত সরকারের জন্য এক বড় রাজনৈতিক মাস্টারস্ট্রোক হতে পারে। গত মাসেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, রাজ্যে তিনটি ঐতিহাসিক বিল আনা হবে— ‘লাভ জেহাদ’, ‘বহুগামিতা’ এবং ‘বৈষ্ণব সত্র সুরক্ষা’ নিয়ে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই প্রথম পদক্ষেপ হিসেবে মন্ত্রিসভায় পেশ করা হল এই বহুবিবাহ বিরোধী বিলটি।

সোমবার সকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, মন্ত্রিসভা এই প্রস্তাবিত বিলে সম্মতি দিয়েছে, এবং চলতি মাসের ২৫ তারিখ বিধানসভায় তা পেশ করা হবে। হিমন্ত বলেন, নতুন এই বিলে স্পষ্টভাবে উল্লেখ থাকবে— বহুবিবাহ নিষিদ্ধ করা হবে, এবং বিবাহবিচ্ছেদ আইনি প্রক্রিয়ায় সম্পন্ন না হলে নতুন করে বিয়ে করা যাবে না।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বহুবিবাহের ফলে বহু নারী আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই তাঁদের সুরক্ষার জন্য সরকার একটি বিশেষ তহবিল তৈরি করবে, যাতে তাঁদের আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। হিমন্তের দাবি, এই বিল কার্যকর হলে নারীদের অধিকার আরও সুরক্ষিত হবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

Related Articles