দেশ

Gujarat Ambulance Fire: গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা: অ্যাম্বুল্যান্সে আগুন, নবজাতক-সহ ৪ জনের মৃত্যু

চিকিৎসার জন্য তাকে মোদাসা থেকে আমদাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল।

Truth of Bengal: গুজরাটের আরাভালি জেলায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সে আগুন লেগে নবজাতক-সহ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে মোদাসা-ধানসুরা রাজ্য সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাত্র এক দিন আগে জন্ম নেওয়া শিশুটি জন্মের পর থেকেই অসুস্থ ছিল। চিকিৎসার জন্য তাকে মোদাসা থেকে আমদাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। অ্যাম্বুল্যান্সে শিশুটির সঙ্গে ছিলেন তার বাবা জিগনেশ মোচি (৩৮), এক চিকিৎসক শান্তিলাল রেন্টিয়া এবং নার্স ভুরিবেন মনাত (২৩)। অ্যাম্বুল্যান্সের চালক ও শিশুটির দুই আত্মীয়ও ছিলেন গাড়িতে।

রাত প্রায় ১টা নাগাদ মোদাসার কাছে একটি পেট্রোল পাম্পের সামনে হঠাৎ আগুন ধরে যায় অ্যাম্বুল্যান্সটিতে। মুহূর্তের মধ্যে আগুন গোটা গাড়িটিকে গ্রাস করে। চালক এবং সামনের আসনে থাকা দুই আত্মীয় লাফিয়ে বেরোতে সক্ষম হলেও শিশুটি, তার বাবা, চিকিৎসক এবং নার্স গাড়ির ভিতরে আটকে পড়েন। পেছনের দরজা খুলতে না পারায় কিংবা জানলা ভাঙার সুযোগ না থাকায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। অ্যাম্বুল্যান্সের চালক ও শিশুর দুই আত্মীয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা গুরুতর আহত।আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মনোহর সিং জাদেজা। কীভাবে অ্যাম্বুল্যান্সে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Related Articles