কুনোর জঙ্গলে ৫ শাবকের জন্ম দিল ভারতের চিতা ‘আশা’
কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান, এটি প্রোজেক্ট চিতার জন্য ‘অসীম গর্ব ও আনন্দের মুহূর্ত।’
Truth of Bengal: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে আফ্রিকান চিতা আশা আবার মা হয়েছেন। শনিবার তিনি জন্ম দিয়েছেন পাঁচটি স্বাস্থ্যবান চিতাশাবককে। এই নতুন আগমনের সঙ্গে ভারতের চিতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫-এ, যার মধ্যে কুনোতে জন্ম নেওয়া জীবিত চিতা শাবকের সংখ্যা এখন ২৪। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান, এটি প্রোজেক্ট চিতার জন্য ‘অসীম গর্ব ও আনন্দের মুহূর্ত।’
তিনি আরও উল্লেখ করেন, এই সাফল্য জঙ্গলে কর্মরত বনকর্মী ও পশু চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম ও দক্ষতার ফল। এক সময় ভারতে চিতা বিস্তীর্ণ তৃণভূমি ও অরণ্যে অবাধে বিচরণ করত। কিন্তু নির্বিচার শিকার এবং জনবসতির কারণে ধীরে ধীরে তারা বিলুপ্ত হয়ে যায়। ১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে চিতাকে বিলুপ্ত ঘোষণা করা হয়। দীর্ঘ সাত দশক পর, ২০২২ সালে শুরু হয় প্রোজেক্ট চিতা, যেখানে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে চিতাদের কুনো জাতীয় উদ্যানে আনা হয়।
আজ আশা ও তার পাঁচটি শাবক কেবল নতুন প্রাণের আগমন নয়—এটি দেশের বিলুপ্ত চিতাদের পুনর্জীবনের এক গুরুত্বপূর্ণ প্রতীক। কুনোর অরণ্যে আবার ঘুরে বেড়াচ্ছে চিতাদের নিঃশব্দ দৌড়ের পদরেখা, যা প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণীর ভবিষ্যতের জন্য নতুন আশা জাগাচ্ছে।



