ক্রীড়ার মঞ্চে সৌহার্দ্যের মিলনমেলা, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে শুরু বার্ষিক স্পোর্টস মিট ২০২৬
মোট দশটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়।
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক স্পোর্টস মিট ২০২৬ শুরু হয়েছে শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি। এই স্পোর্টস মিট শুধুমাত্র প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মীদের একত্রে নিয়ে আসা সৌহার্দ্য ও বন্ধুত্বের এক প্রাণবন্ত উৎসব।শনিবার, ৭ই ফেব্রুয়ারি স্পোর্টস মিটের দ্বিতীয় দিনে বালুরঘাটের ত্রিধারা ক্লাবে অনুষ্ঠিত হয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মীরাও মাঠে নামেন। মোট দশটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়।ব্যাডমিন্টন প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রণব ঘোষের সক্রিয় অংশগ্রহণ। তাঁর উপস্থিতি ও খেলায় অংশ নেওয়া গোটা আয়োজনকে আরও উৎসবমুখর করে তোলে।
এর আগে স্পোর্টস মিটের প্রথম দিন অনুষ্ঠিত হয় বালুরঘাট বিএড কলেজের মাঠে। প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের প্রায় একশো জন ছাত্রছাত্রী আটটি ভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিটি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক ও শংসাপত্র প্রদান করে সম্মানিত করা হয়।শুধু শিক্ষার্থীদের জন্য নয়, অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মীদের জন্যও আলাদা ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হয়। শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে পুরো স্পোর্টস মিট হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আনন্দঘন। শিক্ষার্থী ও শিক্ষকদের একসঙ্গে খেলাধুলার এই চিত্র তৈরি করেছে এক অনন্য দৃষ্টান্ত।এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. প্রণব ঘোষ বলেন, “বার্ষিক স্পোর্টস মিট আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন।
ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও মজবুত হয়। এই ইভেন্ট সকলের কাছেই একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।”সব মিলিয়ে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক স্পোর্টস মিট ২০২৬ ক্রীড়ার আনন্দের পাশাপাশি একতাবদ্ধতা, উদ্দীপনা ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করেছে।অংশগ্রহণকারীদের মনে এই ক্রীড়া উৎসব দীর্ঘদিনের স্মৃতি হয়ে রয়ে যাবে।


