ইনসুলিন টানাপোড়েনের ইতি তিহাড়ে, কেমন আছেন আপ সুপ্রিমো?
Arvind Kejriwal Received Insulin in Tihar Jail

The Truth Of Bengal: অভিযোগ-অনুযোগ পর্ব পেরিয়ে অবশেষে তিহাড় জেলে ইনসুলিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর রক্তে শর্করার মাত্রা ৩২০-তে পৌঁছে গিয়েছিল বলে খবর। বার বার অনুরোধ জানানো সত্ত্বেও তাঁকে ইনসুলিন দেওয়া হচ্ছিল না বলেই খবর। শেষমেষ প্রথমবার তিহাড় জেলেই ইনসুলিন পেলেন আপ সুপ্রিমো।
সোমবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীর রক্তে শর্করার মাত্রা ৩২০-তে পৌঁছে যায়। তার পরই তাঁকে ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, রক্তে শর্করার মাত্রা অনেকটাই বেশি, ইনসুলিনের প্রয়োজন। জেলে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না— এমন অভিযোগ তুলে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়ালের আইনজীবী। আপ নেতার আবেদন ছিল, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁর পারিবারিক চিকিৎসকের সঙ্গে প্রতিদিন কথা বলতে দেওয়া হোক। সোমবার অবশ্য আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দেয়।
স্বাস্থ্য পরীক্ষা করার জন্য দিল্লির এইমস-কে মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ আসার কয়েক ঘণ্টা পরেই জেলে কেজরীওয়ালের স্বাস্থ্য পরীক্ষা করে দেখে ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কেজরী মামলায় আদালতের তরফে নির্দেশিকায় আরও বলা হয়েছে, কেজরির শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখবেন দিল্লির এইমসের গঠিত মেডিক্যাল বোর্ড । প্রয়োজন বোধ করলে তারাই দেবেন ইনসুলিন। পাশাপাশি ১৫ দিন অন্তর দিল্লির মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার বিস্তারিত রিপোর্ট দিতে হবে আদালতকে। এছাড়াও, বাড়ির খাবার খেলেও ডাক্তারের দেওয়া ডায়েট চার্ট মেনেই খেতে হবে তাঁকে। আদালতের নির্দেশ আসার পর তিহাড় জেলে প্রথমবার ইনসুলিন দেওয়া হল দিল্লির মুখ্যমন্ত্রীকে। কেজরীকে ইনসুলিন দেওয়ার পর সরব আপ। আপের বক্তব্য এতদিন তারা যেকথা বলে আসছিল তা যে সত্যি সেকথা উল্লেখ করে ফের বিরোধী শিবরকে তোপ আপ নেতৃত্বের।






