অন্ধ্রপ্রদেশের বাজি কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ৬, মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা
গুরুতর আহত হয়েছেন আরও আট জন। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
Truth Of Bengal: দীপাবলির আগমুহূর্তে অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বুধবার দুপুরে পূর্ব গোদাবরী জেলার এক বাজি কারখানায় আচমকাই ঘটে বিস্ফোরণের ঘটনা। আর তাতেই মৃত্যু হয়েছে অন্তত ছ’জনের। গুরুতর আহত হয়েছেন আরও আট জন। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরের দিকে আচমকাই আগুন লাগে ওই বাজি কারখানায়। তখন কারখানার ভিতরে বহু শ্রমিক বাজি তৈরির কাজ করছিলেন। দাহ্য পদার্থ ও রাসায়নিকের মজুত থাকায় আগুন মুহূর্তে ভয়াবহ রূপ নেয়। পর পর বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে।প্রত্যক্ষদর্শীদের কথায়, বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় কারখানার চাল। মুহূর্তে আগুনে ঘিরে ফেলে গোটা ভবনকে। বেশ কয়েকজন শ্রমিক ভিতরে আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ। আগুন নেভানোর চেষ্টা শুরু হলেও আগুনের তীব্রতা এত বেশি ছিল যে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকলকর্মীদের।
পুলিশ জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে রাজামুন্দ্রি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই কারখানায় নিরাপত্তা ব্যবস্থা কার্যত ছিল না। অগ্নিনির্বাপণ ব্যবস্থা অনুপস্থিত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অনুমান করা হচ্ছে, রাসায়নিক পদার্থের ভুল ব্যবহার থেকেই বিস্ফোরণ ঘটেছে।অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু ঘটনার গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির তদারকি করছেন। আহতদের চিকিৎসা ও মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে তৎপর হয়েছে রাজ্য সরকার।দীপাবলির আগে এই মর্মান্তিক দুর্ঘটনা ফের প্রশ্ন তুলেছে বাজি কারখানাগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।





