স্পেনের পর ফ্রান্স সংস্থার সঙ্গে চু্ক্তি স্বাক্ষর টাটার
After Spain, Tata signs deal with French company
Truth of Bengal: ভারতের মাটিতে তৈরি হতে চলেছে এবার রাফালে যুদ্ধবিমান। দাসো অ্যাভিয়োশনের সঙ্গে টাটা গোষ্ঠীর চুক্তি স্বাক্ষর। চুক্তিপত্রে উল্লেখ, টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেডের হাত ধরেই ভারতে তৈরি হবে যুদ্ধবিমানের মূল কাঠামো। সেইসঙ্গে রাফালের উৎপাদন হবে হায়দ্রাবাদের টিএএসএলের কারখানাতে।
টাটা গোষ্ঠী সূত্রে খবর, চুক্তি অনুযায়ী হায়দ্রাবাদে রাফালের উৎপাদন শুরু হবে ২০২৮ সাল থেকে। প্রতি মাসে নির্মান সম্ভব দুটি করে রাফাল কাঠামো। জানা যাচ্ছে, ভারতীয় সেনার সঙ্গে সঙ্গেই অন্যান্য দেশগুলিতেও সরবরাহ করা হবে টাটার তৈরি রাফাল।
প্রসঙ্গত, কিছুবছর আগেই টাটা গোষ্ঠী চুক্তি করেছিল স্পেনের সংস্থা এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের সঙ্গে। সেইসময়ের চুক্তি অনুযায়ী, ভারতে সি-২৯৫ মাঝারি ক্ষমতাসম্পন্ন সামরিক পরিবহন বিমান তৈরি করা হবে। সেইসঙ্গে ২০১৬ সালে হওয়া চুক্তি অনুযায়ী, পর্যায়ক্রমে ৩৬ টি রাফাল ভারতীয় বায়ুসেনাকে সরবরাহ করেছে দাসো অ্যাভিয়েশন। গত এপ্রিল মাসেই পঞ্চম প্রজন্মের ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি হয় নয়া দিল্লি ও ফরাসি যুদ্ধবিমন নির্মাতা সংস্থার মধ্যে।






