বক্স অফিসে মন্দা কাটাতে এবার পরিচালক হিসেবে আসছেন সলমন খান
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আরবাজ খান জানান, খুব শিগগিরিই ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি আসছে।
Truth Of Bengal: গত এক বছর ধরে বক্স অফিসে সেভাবে ঝলক দেখাতে পারছেন না বলিউডের ভাইজান সলমন খান। তবে তার স্টারডমে কোনও খামতি পড়েনি। অভিনেতা হিসেবে কিছুটা মন্দা অবস্থার মধ্যেও তার ঝুলিতে রয়েছে একাধিক সিনেমার কাজ। এবার গুঞ্জন, ফিল্মি কেরিয়ারকে নতুন দিশা দেওয়ার জন্য পরিচালনার দিকে হাতেখড়ি দিতে পারেন সলমন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আরবাজ খান জানান, খুব শিগগিরিই ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি আসছে। ইতিমধ্যেই চিত্রনাট্যের খসড়া তৈরি হয়েছে এবং কাজও কিছুটা এগিয়েছে। তবে পরিচালক হিসেবে কার নাম ঘোষণা করা হবে, তা এখনও প্রকাশ করা হয়নি। বিটাউনে গুঞ্জন, ‘দাবাং ৪’-এর মাধ্যমে সলমন খান হতে পারেন পরিচালক হিসেবে।
এর আগে ‘দাবাং’ সিরিজের প্রথম সিনেমার পরিচালক অনুভব কাশ্যপের সঙ্গে মনোমালিন্যের কারণে পরবর্তী দুই সিনেমার পরিচালনার দায়িত্ব পালন করেছেন যথাক্রমে আরবাজ খান ও প্রভু দেবা। শোনা যায়, নেপথ্যের কাজেও সলমন অনেকটা কাবিজ ছিলেন। যদিও বিষয়টি নিয়ে অনুভব কাশ্যপও বেশ বিতর্ক তুলেছিলেন।
বর্তমানে নির্মাতারা সব কিছু গোপন রেখেছেন, তবে কাজ নীরবে এগিয়ে চলেছে। গুঞ্জন অনুযায়ী, নতুন বছরের শুরুতে, অর্থাৎ ২০২৬ সালে ‘দাবাং ৪’-এর শুটিং শুরু হবে। প্রসঙ্গত, সম্প্রতি ‘দাবাং’ সিনেমার ১৫ বছর পূর্ণ হয়েছে। তবে উদযাপনের পরিবর্তে পরিচালক অভিনব কাশ্যপ সলমন-আরবাজের সম্পর্ক নিয়ে নানা সমালোচনা করেছেন। এই আবহেই বলিউডে চলছে আলোচনা, এবার পরিচালক হিসেবে সলমন খানের ডেবিউ হতে চলেছে।






