বিনোদন

“বাস্তু”-র শেষ দীপাবলিতে আবেগপ্রবণ আলিয়া

ভ্রাতৃবধূর নতুন জীবনের সূচনার সাক্ষী হতে উপস্থিত ছিলেন করিশ্মা কাপুর, সইফ আলি খান, করিনা কাপুর খান, এবং তাঁদের সন্তান তৈমুর, জেহ, ইব্রাহিম আলি খানরা।

Truth Of Bengal: বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট তাঁদের জীবনের একটি আবেগঘন অধ্যায়ের ইতি টানলেন রবিবার। বহু স্মৃতির সাক্ষী ‘বাস্তু’ অ্যাপার্টমেন্টে শেষবারের মতো দীপাবলি উদযাপন করলেন তাঁরা। এই বাড়িতেই হয়েছিল তাঁদের বিয়ে, এখানেই জন্ম নিয়েছিল তাঁদের কন্যা রাহা। তাই বাস্তুর প্রতিটি কোণায় জড়িয়ে রয়েছে স্মৃতি, আবেগ আর ভালোবাসার উষ্ণ ছোঁয়া। সেই স্মৃতিমাখা ঠিকানাকেই বিদায় জানাতে গিয়েই আবেগে ভেসে গেলেন আলিয়া।

আলিয়া বলেন, “বাস্তুতে এটাই আমাদের শেষ দীপাবলি উদযাপন। এই বাড়িতেই রাহার জন্ম, আমাদের বিয়ে। সেসব মনে করে খুব কষ্ট হচ্ছে। তবে সান্ত্বনা এই, রাহা হয়তো বড় হয়ে এই দিওয়ালির কথা মনে রাখতে পারবে না, কিন্তু ওর মধ্যেও বাস্তুর স্মৃতির একটা আবেশ থেকে যাবে।”

রবিবারের এই বিশেষ দিনটিতে কাপুর পরিবার ছিল একত্রিত। ভ্রাতৃবধূর নতুন জীবনের সূচনার সাক্ষী হতে উপস্থিত ছিলেন করিশ্মা কাপুর, সইফ আলি খান, করিনা কাপুর খান, এবং তাঁদের সন্তান তৈমুর, জেহ, ইব্রাহিম আলি খানরা। ছিলেন সোহা আলি খান ও কুণাল খেমুও। পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন রণবীরের মা নীতু কাপুর।

নীতু কাপুর বলেন, “সাধের এই বাড়িতে এত স্মৃতি জড়িয়ে রয়েছে, যেগুলো তৈরি করতে অনেক সময় লেগেছে। কিন্তু এখন মনে হচ্ছে, এটা আমাদের একসঙ্গে স্বপ্নপূরণের গল্প। জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে আমরা কৃতজ্ঞ। যদিও বাস্তু ছাড়ার পরও এই স্মৃতিগুলো আমাদের মনে গেঁথে থাকবে আজীবন।”

আসলে সোমবার, দীপাবলির পুণ্যতিথিতেই রণবীর-আলিয়া তাঁদের নতুন বাড়ি ‘কাপুর ম্যানশন’-এ গৃহপ্রবেশ করবেন। সেই কারণেই এই দীপাবলির রাত ছিল বাস্তুর শেষ আলোয় ভরা উৎসব। ঠিকানা বদলালেও, ‘বাস্তু’র প্রতিটি দেওয়ালে, প্রতিটি কোণায় তাঁদের জীবনের মিষ্টি মুহূর্তগুলো আজীবন রয়ে যাবে স্মৃতি হয়ে।

Related Articles