ইন্ডাস্ট্রিতে ১৮ বছর পুরো করলেন দেব, দর্শকদের জন্য রাখলেন বিশেষ সারপ্রাইজের ব্যবস্থা!

টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব তার ১৮ বছরের কেরিয়ার উদযাপন করলেন। ২০০৬ সালের ২৮ জানুয়ারি মুক্তি পায় তার প্রথম ছবি ‘অগ্নিশপথ’। সেই থেকে আজ পর্যন্ত দেব একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।
রবিবার সোশ্যাল মিডিয়ায় ‘অগ্নিশপথ’ ছবির পোস্টার শেয়ার করে দেব লিখেছেন, “অবশেষে আমি আজকে প্রাপ্তবয়স্ক হলাম। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে ১৮ বছর সম্পূর্ণ করলাম। ভালোবাসা, সমর্থন এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।”
বিশেষ দিনে দর্শকদের জন্য চমকও হাজির করলেন দেব। প্রকাশ করলেন ‘খাদান’ ছবিতে যিশুর ফার্স্ট লুক। সেখানে যিশুকে পিছন থেকে দেখা যাচ্ছে। পরনে ধুতি ও পাঞ্জাবি। গলায় ঝুলছে শ্রীখোল।
তাঁর চরিত্র প্রসঙ্গে লেখা হয়েছে, “কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি।”
‘খাদান’ ছবিতে দেব একাই হবেন বাবা ও ছেলে। ছবিতে বরখা বিস্ত, বনি সেনগুপ্তকেও দেখা যাবে বলে খবর। ছবির পরিচালক সঞ্জয় রিনো দত্ত। আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।






