সম্পাদকীয়

Girl Child: কেন প্রতি বছর ১১ অক্টোবর পালিত হয় ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবস’?

জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১১ সালের ডিসেম্বর মাসে একটি প্রস্তাব গৃহীত করে, যার মাধ্যমে ১১ অক্টোবরকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

বিশ্বজিৎ বৈদ্য (বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষক): বিশ্বজুড়ে নারী ও পুরুষের মধ্যে বৈষম্য মানবসভ্যতার এক দীর্ঘস্থায়ী সমস্যা। কন্যাশিশুর জন্মকে এখনও অনেক সমাজে অশুভ মনে করা হয়। শিশুবিবাহ, শিক্ষা বঞ্চনা, গৃহস্থালির বোঝা, এমনকী সহিংসতা— সব কিছুতেই কন্যাশিশুরা প্রান্তিক অবস্থানে থাকে। এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ও কন্যাশিশুর অধিকার রক্ষার লক্ষ্যেই জাতিসংঘ ২০১২ সালে ১১ অক্টোবরকে ঘোষণা করে ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবস’ হিসেবে। এর উদ্দেশ্য ছিল একটিই— বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা কন্যাশিশুর প্রতি বৈষম্য, তাদের শিক্ষার অধিকার, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বপ্ন পূরণের স্বাধীনতার প্রতি (Girl Child)।

ঐতিহাসিক পটভূমি ও প্রতিষ্ঠা

জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১১ সালের ডিসেম্বর মাসে একটি প্রস্তাব গৃহীত করে, যার মাধ্যমে ১১ অক্টোবরকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কানাডা এই প্রস্তাবটি উত্থাপন করে এবং বিশ্বজুড়ে নারী অধিকার আন্দোলনের কর্মীরা এতে সমর্থন জানায়। ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবার এই দিবস পালিত হয়, এবং তখন থেকেই এটি নারী অধিকার, শিশুশিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত বৈশ্বিক আলোচনার প্রতীক হয়ে ওঠে। প্রতিবছর এই দিবসটি একটি নির্দিষ্ট থিম নিয়ে পালন করা হয়। প্রতিটি থিম কন্যাশিশুর ক্ষমতায়ন ও সমাজে তাদের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে।

কন্যাশিশুর বর্তমান বৈশ্বিক চিত্র

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, এখনও বিশ্বের বহু অঞ্চলে কন্যাশিশুরা বৈষম্যের শিকার। প্রায় ১৩ কোটি মেয়ে শিশু বিদ্যালয়ের বাইরে, যার একটি বড় অংশ দক্ষিণ এশিয়া ও সাব-সাহারার আফ্রিকার। শিশুবিবাহের শিকার হয় প্রতি বছর প্রায় ১ কোটি কন্যাশিশু। গার্হস্থ্য সহিংসতা, যৌন নির্যাতন, দারিদ্র্য ও সামাজিক কুসংস্কার কন্যাশিশুর জীবনকে কঠিন করে তুলেছে (Girl Child)।

এছাড়াও, ডিজিটাল যুগেও কন্যাশিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। অনলাইন হয়রানি, ডেটা শোষণ ও মানসিক চাপ— সব মিলিয়ে নতুন এক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তারা। তবে এর পাশাপাশি উন্নয়নের এক উজ্জ্বল দিকও রয়েছে। ক্রমবর্ধমান শিক্ষা সুযোগ, প্রযুক্তিগত অন্তর্ভুক্তি ও সামাজিক সচেতনতা আজ কন্যাশিশুকে ধীরে ধীরে এগিয়ে নিচ্ছে নেতৃত্বের আসনে।

দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে কন্যাশিশুর অবস্থা

ভারত, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো কন্যাশিশুর অধিকার রক্ষার ক্ষেত্রে অগ্রগতি করলেও সমস্যা এখনও প্রকট। বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হারের দিক থেকে মেয়েরা এখন ছেলেদের সমান বা কখনও বেশি হলেও, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ড্রপআউট হার উদ্বেগজনক। সামাজিক কুসংস্কার, আর্থিক অনটন, শিশুবিবাহ ও গৃহস্থালির দায়িত্ব মেয়েদের শিক্ষা বন্ধ করে দেয়। ভারতে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ উদ্যোগটি কন্যাশিশু রক্ষার এক মাইলফলক। একইভাবে বাংলাদেশে ‘কন্যাশিক্ষা সহায়তা প্রকল্প’, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ ইত্যাদি উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে (Girl Child)।

কন্যাশিক্ষার গুরুত্ব

শিক্ষাই কন্যাশিশুর মুক্তির প্রধান চাবিকাঠি। শিক্ষিত মেয়েরা শুধু নিজেদের জীবনে নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক ও নৈতিক ভিত্তি শক্ত করে। ইউনেস্কোর গবেষণা বলছে, কোনও দেশে নারীদের সাক্ষরতার হার ১ শতাংশ বৃদ্ধি পেলে জিডিপি গড়ে ০.৩৭ শতাংশ বৃদ্ধি পায়। শিক্ষা কন্যাশিশুকে আত্মনির্ভর করে তোলে, তাকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেয়, ও সামাজিক শোষণের বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করে। এজন্য সরকার ও সমাজ উভয়েরই দায়িত্ব, কন্যাশিক্ষাকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া।

লিঙ্গসমতা ও সামাজিক পরিবর্তনের প্রয়োজন

লিঙ্গসমতা মানে শুধু সমান সুযোগ নয়, বরং সমান মর্যাদা ও সম্মান নিশ্চিত করা। সামাজিক কাঠামোতে গভীরভাবে প্রোথিত লিঙ্গবৈষম্য দূর না করলে কোনও উদ্যোগই টেকসই হবে না। আজও অনেক পরিবারে ছেলেকে ভবিষ্যতের আশ্রয় হিসেবে দেখা হয়, আর মেয়েকে পরের ঘরের মানুষ বলা হয়— এই মানসিকতার পরিবর্তনই কন্যাশিশুর প্রকৃত মুক্তি এনে দিতে পারে। কন্যাশিশু দিবসের বার্তাই হল— ‘মেয়েরা জন্মগতভাবে সমান, সুযোগে নয়— সেই সুযোগ সমান করতে হবে সমাজকে।’

শিশুবিবাহ ও সহিংসতার অভিশাপ

বিশ্বজুড়ে প্রতি তিনজন মেয়ের মধ্যে একজন ১৮ বছরের আগেই বিবাহিত জীবনে প্রবেশ করে। এটি শুধু মানবাধিকারের লঙ্ঘন নয়, বরং শিক্ষার সমাপ্তি, স্বাস্থ্য ঝুঁকি ও আর্থিক নির্ভরতার কারণ। শিশুবিবাহ রোধে আইন থাকলেও সামাজিক গ্রহণযোগ্যতা ও কার্যকর প্রয়োগের অভাব বড় বাধা।

শিশুবিবাহ কেবল কন্যাশিশুর ব্যক্তিগত জীবনই নয়, পুরো সমাজের উন্নয়নকে প্রভাবিত করে। শিক্ষা ও স্বাস্থ্যকে বাধাগ্রস্ত করে, লিঙ্গ বৈষম্য ও আর্থিক নির্ভরতা বৃদ্ধি করে, সহিংসতা ও মানসিক কষ্টের উৎস হয়। শিশুবিবাহ ও সহিংসতার বিরুদ্ধে কেবল আইন নয়, সামাজিক মানসিকতার পরিবর্তন, পরিবারিক সমর্থন ও সচেতনতা প্রয়োজন। প্রতিটি কন্যাশিশুর অধিকার রক্ষা করাই সমাজ ও জাতির ন্যায় এবং মানবিক দায়িত্ব।

কন্যাশিশু ও প্রযুক্তিনির্ভর ক্ষমতায়ন

একবিংশ শতাব্দির প্রযুক্তি কন্যাশিশুর ক্ষমতায়নের এক নতুন হাতিয়ার। ডিজিটাল শিক্ষা, অনলাইন প্রশিক্ষণ, নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম, সাইবার সেফটি প্রশিক্ষণ— সবই কন্যাশিশুকে নতুন সুযোগ এনে দিচ্ছে। তবে এর পাশাপাশি অনলাইন হয়রানি, গোপনীয়তার লঙ্ঘন ইত্যাদির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক সংস্থা ও সরকারের ভূমিকা

জাতিসংঘ, ইউনিসেফ, ইউনেস্কো, সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল— এই সব সংস্থা কন্যাশিশুর উন্নয়নে কাজ করছে। তাদের লক্ষ্য কন্যাশিশুকে শিক্ষায়, স্বাস্থ্যসেবায় ও নেতৃত্বে অংশগ্রহণে উৎসাহিত করা।

২০১৫ সালে চালু হওয়া ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ উদ্যোগের লক্ষ্য কন্যাশিশুর জন্মনিয়ন্ত্রণ, শিশু মৃত্যুহার হ্রাস, এবং শিক্ষার সুযোগ বৃদ্ধি। স্কুলে ভর্তি ও পড়াশোনায় কন্যাশিশুর অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য সচেতনতা অভিযানও চালানো হয়। সরকারের পক্ষ থেকে মেয়েদের সকল স্তরের শিক্ষায় বৃত্তি ও সহায়তা প্রদান করা হয়। কন্যাশিশুদের শিক্ষার জন্য বিভিন্ন বৃত্তি, কিট ও বিনামূল্যে শিক্ষাসামগ্রীও প্রদানের ব্যবস্থা করা হয়। শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির প্রোগ্রাম চালু আছে। আঙ্গনওয়াড়ি কেন্দ্র ও আইসিডিএস-এ ০–৬ বছর বয়সী কন্যাশিশুর ভ্যাকসিন, স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার ও শিক্ষা প্রদান  নিশ্চিত করা হয়েছে। মাতৃসন্তান স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে কন্যা শিশুর জন্মকালীন স্বাস্থ্য ঝুঁকি কমানো হয়েছে। শিশুবিবাহ রোধ আইনে ১৮ বছরের কম বয়সের কন্যাশিশুকে বিয়ে করাকে আইনত দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে। জাতীয় মহিলা কমিশন কন্যাশিশুকে সহিংসতা, যৌন নিপীড়ন ও শোষণ থেকে রক্ষা। সুকন্য সমৃদ্ধি যোজনা কন্যাশিশুর জন্য বিশেষ সঞ্চয় প্রকল্প, যা তার ভবিষ্যৎ শিক্ষা ও বিবাহের জন্য নিরাপত্তা প্রদান করে। গণমাধ্যম, স্কুল ও কমিউনিটি মাধ্যমে লিঙ্গ সমতা ও কন্যাশিশুর মর্যাদা প্রচার করা হয়। রাজ্য ও কেন্দ্র সরকার যৌথভাবে সচেতনতা ক্যাম্পেন পরিচালনা করে যাতে কন্যাশিশুর জন্ম ও শিক্ষা বাধ্যতামূলক হয়। ভারত সরকার কন্যাশিশুর উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন— সব ক্ষেত্রেই উদ্যোগ নিয়েছে। তবে কার্যকর বাস্তবায়নের জন্য সমাজের মানসিকতা পরিবর্তন, পরিবারিক সমর্থন ও সম্প্রদায়ভিত্তিক উদ্যোগও অত্যন্ত জরুরি। সরকার ও সমাজ মিলিতভাবে কাজ করলে কন্যাশিশুর জীবন মান উন্নয়নশীল এবং সমতামূলক হবে (Girl Child)।

ভবিষ্যতের চ্যালেঞ্জ ও করণীয়

কন্যাশিশুর মুক্তি কেবল দান নয়— এটি অধিকার। তাই সমাজকে বুঝতে হবে যে কন্যাশিশু বাঁচানো মানে কেবল একটি জীবন রক্ষা নয়, বরং একটি জাতির ভবিষ্যৎকে রক্ষা করা। চ্যালেঞ্জগুলো হল— দারিদ্র্য ও শিশুশ্রম, সামাজিক কুসংস্কার, লিঙ্গভিত্তিক সহিংসতা, শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা, প্রযুক্তিতে নারীর অনুপস্থিতি। এই বাধাগুলো অতিক্রম করতে প্রয়োজন পরিবারভিত্তিক সচেতনতা কর্মসূচি, বিদ্যালয়ে লিঙ্গসমতা ভিত্তিক পাঠ্যক্রম, অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের জন্য বৃত্তি ও সহায়তা, আইন প্রয়োগের কঠোরতা, মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রচার।

উপসংহার

কন্যাশিশু দিবস আমাদের মনে করিয়ে দেয় যে, প্রতিটি মেয়েশিশু হল সম্ভাবনার এক উজ্জ্বল প্রতীক। সমাজের কুসংস্কার, বৈষম্য ও অবহেলা যদি তাকে পিছিয়ে দেয়, তবে মানবসভ্যতার অর্ধেক শক্তি নিঃশেষ হবে। লিঙ্গসমতা ও কন্যাশিক্ষার মাধ্যমে কেবল নারী নয়, পুরুষও মুক্ত হয় বৈষম্যের বোঝা থেকে। তাই আসুন, প্রতিজ্ঞা করি— ‘প্রত্যেক কন্যাশিশুর হাসি, শিক্ষা, নিরাপত্তা ও স্বপ্নই হোক আমাদের সমাজের উন্নয়নের মাপকাঠি।’ এভাবেই আন্তর্জাতিক কন্যাশিশু দিবস এক ন্যায়ভিত্তিক, সমতাপূর্ণ ও মানবিক বিশ্বের পথে আমাদের এগিয়ে নিয়ে যাবে (Girl Child)।

Related Articles