রাজ্যের খবর

চলন্ত বাইকে আচমকা বিস্ফোরণ! মৃত্যু চালকের

Sudden explosion in the moving bike! Death of the driver

Truth of Bengal : চলন্ত বাইকে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ। আওয়াজে কেঁপে উঠল এলাকা। ঘটনাস্থলে মৃত্যু চালকের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার শালতোড়া থানার অন্তর্গত লাপাহাড়ি মোড় লাগোয়া এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা নাগাদ জয়দেব মণ্ডল নামে এক ব্যক্তি বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছিল। হঠাৎ একটি বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। এরপর বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে দৌড়ে আসেন। এসে দেখেন বাঁকুড়া-শালতোড়া রাজ্য সড়কের একপাশে টুকরো হয়ে যাওয়া একটি বাইক পড়ে রয়েছে। রাস্তায় পড়ে রয়েছেন ওই বাইকের চালক। তাঁকে দেখে স্থানীয়রা চিনতে পারেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয়দেবের একটি পা হাঁটুর নীচ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এরপর স্থানীয়রা সবাই মিলে পুলিশে খবর দেন। খবর পাওয়া মাত্রই কিছুক্ষনের মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এরপর পুলিশ এবং স্থানীয়রা মিলে আহত জয়দেবকে উদ্ধার করে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করেন। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা জয়দেবকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

লাপাহাড়ি গ্রামের বাসিন্দা সুকুমার মান্ডি বলেন, ‘‘শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম। আচমকা প্রবল জোরে একটা শব্দ হয়। কী থেকে এমন শব্দ বুঝতে পারিনি। ভয় পেয়ে গিয়েছিলাম। সকালে বাড়ি থেকে বেরিয়ে দেখি, পুলিশ গোটা এলাকাটি ঘিরে দিয়েছে।’’  শুভেন্দু মুখোপাধ্যায় নামে এক হাতুড়ে চিকিৎসক জানান, ‘‘জয়দেব মণ্ডলের বাড়ি আমার গ্রামেই। শুক্রবার রাতে টিভি দেখার সময় প্রবল শব্দ শুনতে পাই। তার পর জানতে পারলাম, বিস্ফোরণে ওর মৃত্যু হয়েছে। কী ভাবে এমনটা ঘটল জানি না।’’

Related Articles