সুপ্রিম আবেদনেও মিলল না পথ, কর্ম বিরতিতে অনড় চিকিৎসক পড়ুয়ার
Even the supreme petition did not meet the path, stubborn medical student on work break

Truth Of Bengal: আরজিকর কান্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের কর্ম বিরতি প্রত্যাহারের আবেদন দেশের শীর্ষ আদালতের। সুপ্রিম আবেদনে সাড়া দিল না আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। চিকিৎসা পরিষেবায় বিঘ্ন ঘটায় ভোগান্তিতে রোগীর পরিবাররা।
আরজি করে চিকিৎসক পড়ুয়া খুনের পর থেকে প্রতিবাদে কর্ম বিরতি ডাক জুনিয়র চিকিৎসকদের। রাজ্যজুড়ে সরকারি হাসপাতাল গুলিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। পরিষেবা না মেলায় মৃত্যু হয়েছে একাধিক রোগীর। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতি প্রত্যাহারের আবেদন করেন। জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতির জেরে বর্তমানে সরকারি হাসপাতাল গুলিতে পরিষেবা চালিয়ে যাচ্ছে সিনিয়র ডাক্তাররা।
সুপ্রিম আবেদনের পরও আন্দোলন প্রত্যাহার না করার দাবি আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের। শীর্ষ আদালতের নির্দেশমতো আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় সিআইএসএফ জওয়ান এর হাতে। বুধবার সকালে আর জি কর হাসপাতালে যান সিআইএসএফ এর ডিআইজি সহ আধিকারিকরা।
তবে নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ার। সুপ্রিম আবেদনের পর আগামী ২২ আগস্ট পর্যন্ত কর্মবিরতি চলবে বলেই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানির পরই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে।
ওয়াকিবহুল মহলের একাংশের মতে, কর্ম বিরতির মধ্যে দিয়ে স্বাস্থ্য পরিষেবার মত একটি পরিষেবায় ব্যাঘাত ঘটানো কোন আন্দোলনের রূপরেখা হতে পারে না। একটি মৃত্যুর বিচারের দাবিতে হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতির জেরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে একাধিক প্রাণ। চরম ভোগান্তির মুখে রোগীর পরিবাররা। তাই জুনিয়র চিকিৎসকদের কর্ম বিরতি প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে সব মহল।






