রাজ্যের খবর

মধ্য হাওড়ার রাজবল্লভ সাহা লেনের বহুতল আবাসনে দুঃসাহসিক চুরি

A daring burglary at a multi-storied residence in Rajvallabh Saha Lane, Central Howrah

The Truth Of Bengal: মধ্য হাওড়ার রাজবল্লভ সাহা লেনের একটি বহুতল আবাসনে দুঃসাহসিক চুরি। সোমবার ভোররাতে দুস্কৃতিরা মেইন গেটের তালা ভেঙে আবাসনের ভেতরে ঢুকে একে একে চারটি ফ্ল্যাটের ভেতর থেকে নগদ টাকা, সোনা এবং রুপোর অলংকার নিয়ে চম্পট দেয়। জানা গেছে তিনজন দুস্কৃতি সেইসব ফ্ল্যাটেই চুরি করে যেখানে কেউ ছিলেন না। চোরেরা প্রথমে একতলার একটি ফ্ল্যাটে তালা ভেঙে ঢুকে যাবতীয় সোনার গয়না এবং টাকা পয়সা চুরি করে। একই কায়দায় আরো তিনটি ফ্ল্যাটে পরপর চুরি করে।

অপারেশনের সময় উল্টো দিকের প্রত্যেকটি ফ্ল্যাট বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। সবচেয়ে বেশি চুরি হয়েছে পাঁচতলায় মহারাষ্ট্রের বাসিন্দা পদম প্রসাদের ফ্ল্যাটে। রুপোর ব্যবসায়ী পদম প্রসাদ দিন কয়েক আগে দেশের বাড়িতে গেছিলেন। সেই সুযোগে তার ফ্ল্যাট থেকে প্রায় ২০ লক্ষ টাকা নগদ এবং কয়েক লক্ষ টাকার সোনা এবং রুপোর গয়না নিয়ে চম্পট দেয়। প্রাথমিকভাবে জানা গেছে চারটি ফ্ল্যাট থেকে নগদ টাকা এবং গহনা মিলিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা খোয়া যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ওই আবাসন থেকে সিসিটিভি ফুটে সংগ্রহ করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে তিনজন দুস্কৃতিকে ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অপরাধীরা আগে থেকেই জানত কোন কোন ফ্ল্যাটের বাসিন্দারা নেই। বেছে বেছে সেইসব ফ্ল্যাটেই চুরি করে। এ ব্যাপারে স্থানীয় কোন দুষ্কৃতির যোগ থাকতে পারে। ওই আবাসনে নিরাপত্তা কর্মী না থাকায় চুরি করতে সুবিধা হয়। এদিকে এই ঘটনায় আবাসনের অন্যান্য বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Related Articles