নদীয়া নবদ্বীপে পিচ ঢালাইয়ের সময় অগ্নিদগ্ধ শ্রমিক
Workers burn during pitch casting in Nadia

The Truth of Bengal: নদীয়ার নবদ্বীপ পৌরসভার অন্তর্গত প্রতাপনগর হাসপাতাল রোডে পূর্ত দপ্তরের অধীনে নতুন করে রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ চলছিল। আজ রবিবার বছরের শেষ দিনে দুপুর প্রায় দেড়টা নাগাদ যখন আগুন জ্বালিয়ে পিচের সঙ্গে পাথরের সংমিশ্রণ ঘটানোর কাজ চলছিল সেই সময় হঠাৎ করে আগুন লেগে অগ্নিগ্ধ হন এক শ্রমিক।
ওই শ্রমিকের নাম মোজাম্মেল মালিতা, বয়স ৫২ বছর। ওই শ্রমিকের বাড়ি নদীয়ার করিমপুর থানার সেনপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় ও কর্মরত অন্যান্য সহযোগী শ্রমিকরাই তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই বর্তমানে গুরুতর আহত অবস্থায় সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ওই শ্রমিক।
জানা যায়, আগুনে তার দুটি হাত এবং বুকের বেশ কিছুটা অংশ ঝলসে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তারা জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে আগুনের জ্বলন্ত কাঠের টুকরো শ্রমিকের গায়ে পড়ে অগ্নিদগ্ধ হন তিনি। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।






