
The Truth of Bengal: জোড়া নজির শেয়ার বাজারে। তাও আবার একদিনে। বলা যায় জোড়া রেকর্ড গড়ল সেনসেক্স ও নিফটি। ইতিহাসে সবচেয়ে বেশি অঙ্কে পৌঁছে যায় বম্বে স্টক এক্সচেঞ্জের লেনদেন। সপ্তাহের প্রথম দিকে তেমন চড়াও না থাকলেও বৃহস্পতিবার থেকেই উর্ধ্বমুখী ছিল শেয়ার বাজার। বৃহস্পতিবার সর্বাধিক মূল্যে বাজার বন্ধ হয়। শুক্রবার বাজার খোলার পরেই ভারতীয় স্টকের দাপট। বড়সড় লাভের মুখ দেখেছে একাধিক ভারতীয় সংস্থা।
কেবল ভারত নয়, শুক্রবার শুরু থেকেই বাজারে দাপট দেখিয়েছে এশীয় দেশগুলোও। শুক্রবার বাজার খুলতেই ৩৩৯.৩৬ পয়েন্ট বেড়ে সেনসেক্সের মূল্য পৌঁছে যায় ৭০৮৫৩. ৫৬তে। সপ্তাহের শুরু থেকে বাড়তে থাকা নিফটির মূল্যও পৌঁছয় ২১২৯৮. ১৫। বম্বে স্টক এক্সচেঞ্জের ইতিহাসে এই প্রথমবার এতখানি বাড়ল সেনসেক্স ও নিফটির মূল্য।
জানা গিয়েছে, ভারতীয় সংস্থার একাধিক ইকুইটি শেয়ারে বিনিয়োগ করছে বিদেশি কোম্পানিগুলো। তার জন্যই হু হু করে বেড়েছে ভারতীয় শেয়ারের মূল্য। ভারতীয় সংস্থার মধ্যে জেএসডব্লিউ স্টিল, ইনফোসিস, টাটা স্টিল, এইচসিএল টেকনোলজি, টাটা কনসালটেন্সি, রিলায়্যান্সের মতো একাধিক সংস্থার শেয়ার বেড়েছে। তবে শেয়ারের চাড়াও উতরাইর জাঁতাকলে পতন হয় কোটাক মহিন্দ্রা বা অ্যাক্সিসের মতো ব্যাঙ্কগুলোর। এদিন ভারতের পাশাপাশি উর্ধমুখী ছিল জাপান ও চিনের শেয়ারও। তবে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার মার্কিন শেয়ারের দাম বেশ খানিকটা কমেছে।






