ছবি তুলে এক রাতে উপার্জন ২০-৩০ লাখ টাকা! ওরির কথা শুনে হতভম্ব সলমন

বছরখানেক আগেও ওরহান অবত্রমণি তথা ওরি নামটি বলিউডের অন্দরে খুব একটা পরিচিত ছিল না। কিন্তু গত কয়েক মাসে তিনি বলিপাড়ার মধ্যমণি হয়ে উঠেছেন। জাহ্নবী কপূর, খুশি কপূর থেকে সারা আলি খান, অনন্যা পাণ্ডে, এমনকি দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফের মতো তারকাদের সঙ্গেও দেখা গেছে তাকে।
তবে এত দিনেও তার পেশা সম্পর্কে ওয়াকিবহাল নন তাঁর বন্ধুরাও। অভিনেতা নন তিনি, পরিচালনা বা প্রযোজনাও করেন না। তা হলে ওরি করেনটা কী? এই উত্তর জানতে উৎসাহ প্রকাশ করেছিলেন খোদ কর্ণ জোহর। এ বার প্রশ্নকর্তা স্বয়ং ‘বিগ বস্’ তথা সলমন খান।
গত সপ্তাহ খানেক ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে নাকি ‘বিগ বস্’-এর ঘরে পা রাখতে চলেছেন ওরি। সেই অনুষ্ঠানের মঞ্চে সলমনের প্রশ্নের মুখোমুখি ওরি। তাঁকে সব সময় দেখা যায় তারকাদের সঙ্গে পার্টি করতে। কাজ কখন করেন তিনি? আর তাঁর কাজই বা কী?
সলমনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওরি জানান, স্রেফ তারকাদের সঙ্গে নিজস্বী তুলে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেই নাকি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন তিনি। ওরির কথায়, ‘‘বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমি ছবি তুলি, আর সেই ছবি পোস্ট করার জন্য আমি টাকা পাই। এক রাতেই ওই সব ছবি পোস্ট করে আমি ২০-৩০ লক্ষ টাকা রোজগার করি।’’
ওরির এই উত্তর শুনে হতভম্ব সলমন। ভাইজানের স্বগতোক্তি, ‘‘কিছু শেখ সলমন! দুনিয়া কোথায় এগিয়ে গিয়েছে। ওরি নিজস্বী তুলে এত টাকা রোজগার করে। আমি কেন করছি না এটা!’






