রাজ্যের খবর

স্কুলের বাগানে জৈব সবজি চাষ, মিড ডে মিলে ব্যবহার স্কুলের সবজি

school mid-day meal

The Truth of Bengal: কিনে নয় স্কুলে চাষ করে সবজি উৎপাদন করে ব্যবহার করা হবে মিড ডে মিলে। এই ভাবনায় স্কুলেই কিচেন গার্ডেন করার চিন্তাভাবনা করে ডুয়ার্সের মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। যেমন ভাবনা তেমন কাজ। সরকারি সহযোগিতায় স্কুলেই চাষ হচ্ছে নানান রকম মরসুমি শাকসবজি।

কোনও রকম রাসায়নিক সার ছাড়াই সম্পূর্ণ জৈব উপায়ে ফলানো সবজি মিড ডে মিলে ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হচ্ছে। স্কুলে পড়ানোর পাশাপাশি এই সবজির বাগান দেখভাল করছেন শিক্ষক-শিক্ষিকারা। পড়ুয়াদের সঙ্গে নিয়ে হাসিমুখে দায়িত্ব পালন করেছেন তাঁরা। স্কুলে শাকসবজি চাষ হওয়ায় রোজকার চেনা মেনুতে আসছে বদল। বাজার থেকে কেনা শাকসবজির বদলে সম্পূর্ণ জৈব উপায়ে সবজি খাওয়ার সুযোগ পাচ্ছে শিশুরা। ফলে খুশি অভিভাবকরাও।

স্কুলের এই কিচেন গার্ডেনে লঙ্কা থেকে মূলো, বেগুন, লাউ, লাল শাক, পালং শাক, সীম প্রভৃতি চাষ হচ্ছে। সৌন্দর্য বাড়াতে নানা ধরনের ফুলের গাছও বসানো হয়েছে স্কুলে। স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা ৫১ জন। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ২ জন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চৈতী কুণ্ডু ও পার্শ্বশিক্ষক বিষ্ণু রায় ওই কিচেন গার্ডেনের পরিচর্যা করেন। সঙ্গে হাত লাগায় পড়ুয়ারাও।সম্প্রতি ব্লক প্রশাসনের তরফে এই কিচেন গার্ডেনের জন্য আর্থিক সাহায্য পেয়েছে স্কুলটি। পড়াশোনার পাশাপাশি সবজি বাগানের পরিচর্যা করতে পেরে খুশি পড়ুয়ারা। শিক্ষক-শিক্ষিকাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।

Free Access

Related Articles