কলকাতা

গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি, অষ্টমীর রাতে উল্টোডাঙায় আগুন ছড়াল ১৭টি বাড়িতে

Gas cylinder blast

The Truth of Bengal: ঘিঞ্জি এলাকা, তার উপরে বেশ কিছু বাড়িতে ঠাসা দাহ্য পদার্থ, যার ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত তা ছড়িয়ে পড়ল। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হল দলকলকে। এই চিত্র উল্টোডাঙার ক্যানেল ইস্ট রোডে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, অষ্টমীর রাতে উল্টোডাঙার ক্যানেল ইস্ট রোডে পরপর ১৭টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফাটার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অষ্টমীর রাতে আচমকাই একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, এরপরেই একটি ঝুপড়ি থেকে আগুন বেরতে দেখা যায়। তবে তা নিয়ন্ত্রণ করার আগেই আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে, আশে পাশের বাড়িতে থাকা সিলিন্ডারগুলিও ফাটতে শুরু করে। মোট সাতটি সিলিন্ডার ফেটেছে। প্রথমে এলাকার মানুষ বালতি গামলায় জল ভরে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ঘিঞ্জি এলাকায় বাড়িগুলি হওয়ায়, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে প্রথমে দমকলের সাতটি ইঞ্জিন আসে। পরে আরও পাঁচটি ইঞ্জিন আনা হয়। মোট ১২ টি ইঞ্জিন তিন ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উল্টোডাঙার অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই।