রাজ্যের খবর

মোবাইল-এআইয়ের যুগে ফিরল হারানো ছেলেবেলা, ঠাকুমার উদ্যোগে হল পুতুলের বিয়ে

সানাইয়ের সুর, শাঁখের আওয়াজ, উলুধ্বনি আর পুরোহিতের মন্ত্রোচ্চারণে সাত পাকে বাঁধা পড়ল পুতুল কনে ‘ফুলটুসি’ ও পুতুল বর ‘শশীভূষণ’।

কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ:  ​একটা সময় ছিল, বিকেল হলেই উঠোনে বসত পুতুলের সংসার। মাটির হাঁড়ি, ছোট্ট থালা আর কাঠের পিঁড়ি সাজিয়ে চলত ঘরকন্নার খেলা। সময়ের সঙ্গে সেই উঠোন হারিয়েছে, জায়গা নিয়েছে মোবাইলের স্ক্রিন, ডিজিটাল গেম আর কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে প্রযুক্তির ভিড়েও শৈশবের সেই চেনা মায়া যে আজও অমলিন, তার সাক্ষী থাকল বহরমপুর।

​শনিবার সন্ধ্যায় বহরমপুরের ওয়াইএমএ মাঠ সংলগ্ন একটি আবাসনে যেন সময়ের কাঁটা কয়েক দশক পিছিয়ে গেল। দুই খুদে বান্ধবীর খেলার ছলে ঠিক হওয়া বিয়ে রূপ নিল এক আস্ত মহোৎসবে।

সানাইয়ের সুর, শাঁখের আওয়াজ, উলুধ্বনি আর পুরোহিতের মন্ত্রোচ্চারণে সাত পাকে বাঁধা পড়ল পুতুল কনে ‘ফুলটুসি’ ও পুতুল বর ‘শশীভূষণ’। আর বর্তমান প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া সেই পুতুল খেলার ঐতিহ্য তুলে ধরতে এই অভিনব বিয়ের নেপথ্যে মূল কারিগর ছিলেন খুদে কনেকর্ত্রীর ঠাকুমা। আসল বিয়ের আয়োজনকেও টেক্কা দিয়েছে এই পুতুলের বিয়ে। সন্ধ্যা নামতেই পাশের পাড়া থেকে চার চাকা গাড়িতে চেপে রীতিমতো বরযাত্রী নিয়ে হাজির হয় বর শশীভূষণ। বরপক্ষের হাতে হাতে ছিল তত্ত্বের সাজানো ডালা। শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে জামাইকে বরণ করে নেওয়া হয়।

অন্যদিকে, কলাগাছ আর মাটির আলপনায় সাজানো ছাদনাতলায় লাল টুকটুকে বেনারসি, সবুজ পাড়, গা-ভর্তি গয়না ও শোলার মুকুটে সেজে অপেক্ষায় ছিল কনে ফুলটুসি।
​এরপর একে একে সম্পন্ন হয় বিয়ের সমস্ত আচার।

মালাবদল, শুভদৃষ্টি, সাত পাক, সিঁদুরদান থেকে শুরু করে যজ্ঞ—বাদ যায়নি কিছুই। পুরোহিতের মন্ত্রে মুখরিত হয়ে ওঠে আবাসন চত্বর। বিয়ের পর অতিথিদের জন্য ছিল এলাহি ভোজের আয়োজনও। মেনুতে ছিল চিকেন কাবাব, পনির পসিন্দা, ফিস ফ্রাই, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চাটনি, দই এবং মিষ্টি।

​নাতনির ‘মেয়ের’ বিয়ে দিয়ে আবেগাপ্লুত ঠাকুমা বলেন, ‘‘আমি যে নাতনিকে মানুষ করছি, তার মেয়ের যে এমন ধুমধাম করে বিয়ে দেব, তা কখনও ভাবিনি। খুব ভালো লাগছে। ছোটবেলায় আমার নিজের মেয়েরও এ ভাবেই পুতুলের বিয়ে দিয়েছিলাম। নাতনির শৈশবে সেই স্মৃতি ফিরিয়ে দিতেই এই আয়োজন। তবে আমাদের সময়ের চেয়ে এখনকার আয়োজন অনেক উন্নত—এত সুন্দর প্যান্ডেল আর তত্ত্ব সাজানো দেখে সত্যিই মন ভরে গিয়েছে।’’

​মেয়ের বিয়ে দিয়ে বেজায় খুশি, তবে খানিকটা ক্লান্ত খুদে কনেকর্ত্রী অর্থাৎ ‘ফুলটুসির মা’। তার কথায়, ‘‘আমার মেয়ে ফুলটুসির সঙ্গে শশীভূষণের বিয়ে হল। অনেক অতিথি এসেছেন, খুব মজা করেছি। তবে বিয়ের সমস্ত আয়োজন সামলাতে গিয়ে এখন বেশ ক্লান্ত লাগছে।’’

​অন্যদিকে, ছেলের বিয়ে দিয়ে উচ্ছ্বসিত আরেক খুদে বান্ধবী অর্থাৎ বরকর্ত্রী ‘শশীভূষণের মা’ জানায়, ‘‘পুতুলের বিয়ে দিয়ে খুব ভালো লাগছে, আজ অনেক আনন্দ করছি। আমার নাচের স্কুলের বন্ধুরা, পাড়ার বন্ধুরা ছাড়াও মায়ের অফিসের পরিচিত অনেকেই আমাদের নিমন্ত্রণে এসেছেন।’’

​বহরমপুরের এই বিয়েবাড়ি কেবল দুই পুতুলের চার হাত এক হওয়ার আসর হয়ে থাকেনি, বরং মোবাইল-আসক্ত নতুন প্রজন্মের হাতে হাত রেখে হারিয়ে যেতে বসা এক টুকরো ছেলেবেলাকে নতুন করে চিনিয়ে দিয়ে গেল।

Related Articles