রাজ্যের খবর

৫ বছরে আমেরিকার মতো রাস্তাঘাট হবে বাংলা! আরও ১ লক্ষ কোটি টাকার প্রকল্প ঘোষণা নীতীন গড়করির

“বাংলার বিকাশে টাকার অভাব হবে না, আপনারা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন!” কোলাঘাটে ২৭ হাজার কোটির উপহার দিয়ে বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

Truth of Bengal: কোলাঘাটে সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠান থেকে রাজ্যবাসীকে এক নতুন ও উন্নত বাংলার স্বপ্ন দেখালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে কার্যত নির্বাচনী সুরেই তিনি প্রতিশ্রুতি দিলেন, আগামী ৫ বছরের মধ্যে সড়ক পরিকাঠামোর দিক থেকে আমেরিকার সমকক্ষ হয়ে উঠবে পশ্চিমবঙ্গ। এদিন ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের পাশাপাশি রাজ্যে আরও ১ লক্ষ কোটি টাকার পরিকাঠামোগত প্রকল্পের ঘোষণাও করেছেন কেন্দ্রীয়মন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাকে ঢেলে সাজানোর এই মেগা পরিকল্পনার নেপথ্যে আসলে ২০২৯-এর লোকসভা নির্বাচনের ‘মিশন ৪২’-এর প্রস্তুতিই রয়েছে।

বৃহস্পতিবার কোলাঘাটের মঞ্চ থেকে নীতীন গড়করি বলেন, “২০১৪ সালে আপনাদের আশীর্বাদে দেশে পরিবর্তন হয়েছে এবং নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন। তারপর থেকেই জল, পরিবহণ, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশ এক নতুন দিশা দেখেছে।” এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে তিনি জানান, ডবল ইঞ্জিন সরকারের লক্ষ্য ভারত ও বাংলাকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে পৌঁছে দেওয়া।

বাংলার উন্নয়নের রূপরেখা তুলে ধরে গড়করি বলেন, “রাস্তা ভাল হলে ব্যবসা-বাণিজ্য বাড়বে, নতুন নতুন টাউনশিপ গড়ে উঠবে। ফলে মূলধনী খাতে বিনিয়োগ আসবে, কর্মসংস্থান তৈরি হবে এবং দারিদ্র্য দূর হবে। আমরা বাংলার ছবিটাই বদলে দেব।” গঙ্গাসাগর, নামখানা, বীরভূম, ফরাক্কা, বহরমপুর থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত গোটা বাংলাকে মাকড়সার জালের মতো সড়কপথে জুড়ে দেওয়ার কথা বলেন তিনি। পৌরাণিক ‘অক্ষয় পাত্রে’র প্রসঙ্গ টেনে মন্ত্রীর আশ্বাস, “বাংলার বিকাশে যত টাকা লাগে তত দেব, আপনারা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন।” বাংলার উন্নয়নের বুলেট ট্রেনকে আরও দ্রুতগতিতে ছোটানোর প্রতিশ্রুতি দেন তিনি।

ওয়াকিবহাল মহলের মতে, হাতে মাত্র তিন বছর পরই ২০২৯ সালের লোকসভা নির্বাচন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বাংলায় ৪২-এ ৪২টি আসন জেতার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। বর্তমানে বিরোধীরা এসআইআর-সহ বিভিন্ন ইস্যুতে আন্দোলনের মাধ্যমে বিজেপিকে চাপে ফেলার চেষ্টা করলেও, উন্নয়নের এই বিপুল কর্মযজ্ঞের মাধ্যমে কোলাঘাট থেকেই ২০২৯-এর নির্বাচনী রণকৌশল ও সুর বেঁধে দিলেন নীতীন গড়করি।

Related Articles