কলকাতা পুরভোট জটিলতায় নয়া মোড়! মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর প্রস্তাব সুপ্রিম কোর্টের, বহাল স্থগিতাদেশ
১৪৪ থেকে ২০৯ ওয়ার্ড পুনর্বিন্যাস বিতর্কে নতুন মোড়! ডিভিশন বেঞ্চ অবস্থান স্পষ্ট না করা পর্যন্ত স্থগিত থাকবে কলকাতা পুরভোট?
Truth of Bengal: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলা ফের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালত প্রস্তাব দিয়েছে যে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যতদিন না পর্যন্ত এই মামলায় নিজেদের অবস্থান স্পষ্ট করছে, ততদিন কলকাতা পুরসভার নির্বাচন স্থগিত থাকবে। বুধবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই মামলায় কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ না দেওয়ায়, পুরভোট ঘোষণার ওপর হাইকোর্টের দেওয়া পূর্বের স্থগিতাদেশই আপাতত বহাল থাকল। আগামী সোমবার, ৩০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।
এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, তারা মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর নির্দেশ দেবে এবং সেখানেই মামলা ও পুরভোটের ভবিষ্যৎ নির্ধারিত হবে। প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে, আপাতত হাইকোর্টের একক বেঞ্চের দেওয়া বিতর্কিত নির্দেশের ওপর স্থগিতাদেশ থাকবে এবং ডিভিশন বেঞ্চ সমস্ত আইনি ও তথ্যগত দিক খতিয়ে দেখে নতুন করে উপযুক্ত নির্দেশ দিতে পারবে। রাজ্যের হয়ে সওয়াল করা সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতের এই প্রস্তাব শোনার পর জানান, আগামী সোমবার রাজ্যের সিদ্ধান্ত আদালতে জানানো হবে।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য বিধানসভায় বিল পাস করে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ এবং হাওড়া পুরসভার ওয়ার্ড ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করা হয়। এই পুনর্বিন্যাস বেআইনিভাবে হয়েছে, এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন সিপিএম নেত্রী দীপু দাস ও ইমতিয়াজ আহমেদ। গত ৬ নভেম্বর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পুরভোট ঘোষণায় স্থগিতাদেশ দিলে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।
এর আগের শুনানিতে সলিসিটর জেনারেল দাবি করেছিলেন, ১০ জন আধিকারিক নিয়োগ করে, ২৮৫টি নোটিস পাঠিয়ে ও সর্বদল বৈঠক ডেকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই রাজ্য সরকার সীমানা পুনর্নির্ধারণ করেছে। তবে সওয়াল-জবাব চলাকালীন বিচারপতি বাগচি রাজ্যের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে জানতে চেয়েছিলেন, নির্বাচিত পুরসভা ভেঙে দেওয়ার পর যে সংস্থার অস্তিত্বই নেই, তার সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার কীভাবে ৬০১ নম্বর ধারায় ওয়ার্ড পুনর্বিন্যাসের আইনি ক্ষমতা প্রয়োগ করতে পারে? বুধবার সেই আবহেই মামলাটি ফের হাই কোর্টে ফেরানোর প্রস্তাব দিল শীর্ষ আদালত।






