হিন্দি ছবির দাপটে কোণঠাসা ‘সাধক বামাক্ষ্যাপা’! প্রাইম টাইমেই শো চালানোর কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
বিষয়টি সামনে আসতেই বাংলা চলচ্চিত্র মহলে শুরু হয় তীব্র প্রতিবাদ
Truth of Bengal: হিন্দি ছবির দাপটে কি বাংলা সিনেমা হল থেকে হারিয়ে যাবে? ‘সাধক বামাক্ষ্যাপা’কে ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার সরাসরি হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২৭ নভেম্বর যশরাজ ফিল্মস প্রযোজিত হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তি পাওয়ার কথা। আর সেই ছবির জন্যই একাধিক হল ও মাল্টিপ্লেক্স থেকে বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’র শো সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই বাংলা চলচ্চিত্র মহলে শুরু হয় তীব্র প্রতিবাদ। শেষ পর্যন্ত মঙ্গলবার নবান্নে হল-মালিক ও টলিউডের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ‘সাধক বামাক্ষ্যাপা’। একাধিক প্রেক্ষাগৃহে হাউসফুল শো-ও চলছে। এমন পরিস্থিতিতে একটি হিন্দি ছবির জন্য বাংলা ছবির প্রদর্শন বন্ধ বা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই আবহেই মঙ্গলবার দুপুর ১টায় নবান্নে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সিনেপরিবেশক শতদীপ সাহা এবং হল-মালিক অরিজিৎ দত্ত-সহ অনেকে যোগ দেন। ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানেই হল-মালিকদের উদ্দেশে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দেন, ‘সাধক বামাক্ষ্যাপা’র শো বন্ধ করা যাবে না। শুধু তাই নয়, দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে প্রাইম টাইমেও এই বাংলা ছবির প্রদর্শন নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে বেরিয়ে রুদ্রনীল ঘোষ জানান, বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করতে আগ্রহী। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, প্রাইম টাইমে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো চালাতে হবে। বাংলা ছবির পাশে সবাইকে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন তিনি।
রুদ্রনীল আরও জানান, আপাতত ছবিটির জন্য ৫১টি শো বরাদ্দ রয়েছে। আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়তে পারে। দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত প্রাইম টাইমের স্লটে বাংলা ছবিটি দেখানোর বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি সিনেমা হল ও প্রেক্ষাগৃহের শো-স্লট নিয়েও বিস্তারিত কথা হয়েছে বৈঠকে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর আপাতত কাটল ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রদর্শন ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা। বৈঠক শেষে টলিউডের প্রযোজক, পরিচালক ও পরিবেশকদের মুখেও দেখা গেল স্বস্তি ও আত্মবিশ্বাসের ছাপ। এবার নজর, হলগুলিতে মুখ্যমন্ত্রীর নির্দেশ কতটা কার্যকর হয় এবং দর্শকদের জন্য আরও কতগুলি শো বাড়ানো হয়।





