রাজ্যের খবর

দেবাংশুর পর এবার বিয়ের পিঁড়িতে তৃণাঙ্কুর! সাংসদ পার্থ ভৌমিকের জামাই হচ্ছেন চলতি মাসেই

অবশেষে জল্পনায় সিলমোহর! কলেজ জীবনের প্রেমিকা অবন্তিকা ভৌমিকের সঙ্গে আগামী ২৫ নভেম্বরই আইনি বিয়ে সারছেন তৃণাঙ্কুর

Truth of Bengal: দিন কয়েক আগেই আশীর্বাদের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষ ও বিতর্কের মুখে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ঘনিষ্ঠ দেবাংশু ভট্টাচার্য। এমনকী তাঁর হবু স্ত্রী মেঘনা শর্মার ব্যক্তিগত জীবন নিয়েও চলে কাটাছেঁড়া, যার জেরে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হন মেঘনা। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার বঙ্গ রাজনীতির অন্দরে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। তবে এবার পাত্র তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রাক্তন রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যাচ্ছিল যে, সাংসদ পার্থ ভৌমিকের বড় মেয়ে অবন্তিকা ওরফে গুনগুনের সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক রয়েছে তৃণাঙ্কুরের। যদিও এতদিন দুই পরিবারের বা তাঁদের কারও তরফ থেকেই এই জল্পনায় আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হয়নি। অবশেষে সেই জল্পনাই সত্যি হতে চলেছে। জানা গিয়েছে, চলতি নভেম্বর মাসেই সাংসদ পার্থ ভৌমিকের জামাই হতে চলেছেন তৃণাঙ্কুর।

সূত্রের খবর, কলেজে পড়ার সময় থেকেই অবন্তিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তৃণাঙ্কুরের। পাত্র নিজেই জানিয়েছেন, এবার তাঁর বাবা চাইছেন দ্রুত বিয়ের কাজ সম্পন্ন হোক। সেই ইচ্ছাকে সম্মান জানিয়েই দুই পরিবারের মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ নভেম্বর একেবারে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে (রেজিস্ট্রি) সারবেন তৃণাঙ্কুর ও অবন্তিকা। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধুমাত্র দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা।

পাত্রী সাংসদ-কন্যা হওয়ায় অনেকের মনেই কৌতূহল ছিল যে তিনিও কি রাজনীতির সঙ্গে যুক্ত? তবে জানা গিয়েছে, রাজনীতির আঙিনা থেকে বহু দূরে থাকেন অবন্তিকা; বরং ছবি আঁকা, গান এবং আবৃত্তির জগতেই তিনি নিজেকে ব্যস্ত রাখতে ভালবাসেন। আইনি বিয়ে মিটে যাওয়ার কিছুদিনের মধ্যেই সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এক সংবাদমাধ্যমকে তৃণাঙ্কুর জানিয়েছেন, আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে সামাজিক বিয়ে সারার পরিকল্পনা রয়েছে, যদিও তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

স্রেফ রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে দেবাংশুর বিয়েকে কেন্দ্র করে যেভাবে নেতিবাচক প্রচার ও শোরগোল তৈরি হয়েছে, তৃণাঙ্কুর চাইছেন না তাঁর জীবনের এই শুভ অনুষ্ঠান নিয়ে তেমন কোনও বিতর্ক বা নেতিবাচকতা ছড়াক। সেই কারণেই অত্যন্ত ব্যক্তিগত পরিসরে গোটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তবে এই বিয়ের আসরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট উত্তর মেলেনি।

Related Articles