রাজ্যের খবর

বালি কারবার থেকে সাইবার প্রতারণা! বাঁকুড়ায় পুলিশের জালে সিপিএম নেতা

এক অ্যাকাউন্টেই ২৫৩টি সাইবার প্রতারণার লেনদেন! বাঁকুড়ায় গ্রেফতার সিপিএম নেতা আলোক মিদ্যা, আদালতে ৭ দিনের হেফাজতের আর্জি

কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: সাইবার প্রতারণার ঘটনায় যোগসাজসের অভিযোগে বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ গ্রেফতার করল এক সিপিএম নেতাকে। ধৃত নেতার নাম আলোক মিদ্যা। রবিবার তাঁকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে জয়পুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়া জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার জয়পুর ব্লকের টানাদিঘি গ্রামের বাসিন্দা আলোক মিদ্যা একসময় ওই ব্লকের প্রভাবশালী সিপিএম নেতা হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি বালি কারবারের সঙ্গে যুক্ত হন বলে জানা গিয়েছে। পুলিশের অভিযোগ, ওই নেতা নিজের নামে একটি সংস্থা খুলে সেই সংস্থার নামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলেন।

সম্প্রতি একাধিক সাইবার প্রতারণার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, আলোক মিদ্যার ওই বিজনেস অ্যাকাউন্টে দেশের কমবেশি ২৫৩টি সাইবার প্রতারণার অর্থের লেনদেন হয়েছে। এরপরই তদন্তের স্বার্থে শনিবার রাতে টানাদিঘি গ্রামে আলোক মিদ্যার বাড়িতে হানা দেয় পুলিশ এবং তাঁকে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি, চেক বুক, ডেবিট কার্ড এবং সংস্থার চুক্তিপত্র-সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।

রবিবার ধৃত আলোক মিদ্যাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় এবং তাঁকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় জয়পুর থানার পুলিশ। তদন্তকারীদের মতে, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই সাইবার প্রতারণা চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং কীভাবে এই বিশাল অঙ্কের লেনদেন পরিচালিত হত, সে বিষয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে।

Related Articles