অবসরপ্রাপ্ত আইপিএসকে ফেরাল রাজ্য সরকার, এক বছরের জন্য বড় দায়িত্বে অজয় কুমার
১৮ নভেম্বর স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ সার্ভিস সেল থেকে জারি করা নির্দেশিকায় এই পুনর্নিয়োগের কথা স্পষ্ট করা হয়েছে।
জ্যোতির্ময় দত্ত , কলকাতা: অবসর মানেই প্রশাসনিক দায়িত্ব থেকে সম্পূর্ণ বিদায় নয়। রাজ্য পুলিশ প্রশাসনে অভিজ্ঞতার প্রয়োজনেই অবসরপ্রাপ্ত এক প্রাক্তন আইপিএস আধিকারিককে ফের দায়িত্বে ফিরিয়ে আনল রাজ্য সরকার। এক বছরের জন্য পুনর্নিয়োগ করা হল অজয় কুমার। ডিজিপি পদমর্যাদায় ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি’ হিসেবে তাঁকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৮ নভেম্বর স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ সার্ভিস সেল থেকে জারি করা নির্দেশিকায় এই পুনর্নিয়োগের কথা স্পষ্ট করা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী, অবসর নেওয়ার পরেও আগামী এক বছর রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত থাকবেন অজয় কুমার।
প্রশাসনিক মহলে এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একজন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিককে ফের ডিজিপি পদমর্যাদায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত থেকে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগানোর ক্ষেত্রে রাজ্য সরকারের আগ্রহের ইঙ্গিত মিলছে। তবে নতুন দায়িত্বের নির্দিষ্ট কর্মপরিধি সম্পর্কে নির্দেশিকায় বিস্তারিত উল্লেখ করা হয়নি।
পুনর্নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনকালে অজয় কুমার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হিসেবে প্রাপ্য বেতন ও ভাতা পাবেন। এই নিয়োগ সংক্রান্ত আর্থিক ব্যয় রাজ্য বাজেটের নির্দিষ্ট খাত থেকে বহন করা হবে। পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেটের জয়েন্ট ডিরেক্টর (অ্যাকাউন্টস) এই পদের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার বা DDO হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই সিদ্ধান্তের পিছনে রয়েছে প্রশাসনিক অনুমোদনের নির্দিষ্ট প্রক্রিয়া। পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের ২৯ অক্টোবরের নির্দেশ এবং অর্থ দফতরের ৩০ অক্টোবরের সম্মতির ভিত্তিতেই পুনর্নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এরপর ১৮ নভেম্বর স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকা জারি করে সংশ্লিষ্ট বিভাগগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়।
অবসর-পরবর্তী পুনর্নিয়োগের এই সিদ্ধান্তে রাজ্য পুলিশ প্রশাসনে অভিজ্ঞ আধিকারিকদের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী এক বছর ডিজিপি পদমর্যাদায় দায়িত্ব পালন করে পুলিশ প্রশাসনের কাজে কীভাবে যুক্ত থাকবেন অজয় কুমার, এখন নজর সেদিকেই।


