দেশ

দেশে বিমানযাত্রীর ঢল, পরিষেবা সামাল দিতে আরও ১০০০টি বিমান কেনার পরিকল্পনা কেন্দ্রের!

সম্প্রতি এমনই জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল

Truth of Bengal: দেশে বিমানযাত্রীর সংখ্যা ক্রমশ বাড়ছে। ছোট শহর থেকে বড় মহানগর, সর্বত্রই বাড়ছে আকাশপথে যাতায়াতের চাহিদা। কিন্তু সেই তুলনায় পর্যাপ্ত বিমান না থাকায় পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতি সামাল দিতে এবার আরও বড় পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই ১২০০টিরও বেশি বিমানের বরাত দেওয়া হয়েছে। এবার অতিরিক্ত আরও ১০০০টি যাত্রীবাহী বিমান কেনার পরিকল্পনা করছে কেন্দ্র। সম্প্রতি এমনই জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। দু’দিনের সফরে বর্তমানে মিশরে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সোমবার কায়রোয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভারতের বিমান পরিবহণ ক্ষেত্রে দ্রুত চাহিদা বাড়ছে। সেই প্রয়োজন মেটাতে এখনই ১২০০টির বেশি বিমানের অর্ডার দেওয়া হয়েছে। তবে আগামী দিনে যাত্রীসংখ্যা যে হারে বাড়বে, তাতে আরও অন্তত ১০০০টি বিমানের প্রয়োজন হতে পারে। এই বিপুল সংখ্যক বিমান দ্রুত হাতে পেতে এয়ারবাস এবং বোয়িংয়ের মতো আন্তর্জাতিক প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে কেন্দ্র। বরাত দেওয়া বিমানগুলির সরবরাহ যাতে দ্রুত হয়, সেই বিষয়েও সংস্থাগুলিকে অনুরোধ জানানো হচ্ছে।

কিন্তু হঠাৎ করে এত বিপুল সংখ্যক বিমান কেনার প্রয়োজন পড়ছে কেন? এর নেপথ্যে রয়েছে দেশের বিমান পরিবহণ ব্যবস্থায় দ্রুত বদলে যাওয়া পরিস্থিতি। একসময় মূলত আর্থিকভাবে স্বচ্ছল শহুরে মানুষেরাই বিমান সফর করতেন। কিন্তু এখন ছবিটা অনেকটাই আলাদা। দেশের বিভিন্ন ছোট শহরেও তৈরি হচ্ছে নতুন বিমানবন্দর। ব্যবসা, শিক্ষা, চিকিৎসা কিংবা পর্যটনের প্রয়োজনে দ্রুত গন্তব্যে পৌঁছতে সাধারণ মানুষের মধ্যেও বিমানযাত্রার প্রবণতা বাড়ছে। পাশাপাশি আন্তর্জাতিক রুটেও যাত্রীদের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিমান নির্মাতা সংস্থা এয়ারবাসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ বছরে ভারতে বিমানযাত্রীর সংখ্যা বছরে গড়ে ৮.৯ শতাংশ হারে বাড়তে পারে। সেই চাহিদা পূরণ করতে দেশের বাণিজ্যিক বিমানের সংখ্যা বেড়ে প্রায় ২২৫০-তে পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে।

বাড়তি চাহিদার কথা মাথায় রেখে দেশের প্রধান দুই বিমান সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়াও নিজেদের বহর সম্প্রসারণে বড় অঙ্কের বিনিয়োগ করছে। ২০২৩ সালে এয়ারবাসের কাছে ৫০০টি বিমানের বরাত দিয়েছিল ইন্ডিগো। অন্যদিকে, একই বছরে এয়ারবাস ও বোয়িং মিলিয়ে মোট ৪৭০টি বিমানের অর্ডার দেয় এয়ার ইন্ডিয়া। পরের বছর আরও ১০০টি এয়ারবাস বিমানের বরাত দেয় সংস্থাটি। শুধু বিদেশ থেকে বিমান কেনাই নয়, দেশেই বিমান তৈরির পরিকাঠামো গড়ে তোলার দিকেও নজর দেওয়া হচ্ছে। ব্রাজিলের বিমান প্রস্তুতকারী সংস্থা এমব্রায়েরের সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে আদানি গোষ্ঠী। পাশাপাশি এয়ারবাস ও বোয়িংয়ের মতো সংস্থাগুলি ভারত থেকে বছরে প্রায় ২০০ কোটি ডলারের যন্ত্রাংশ ও পরিষেবা কেনে। ফলে বিমান শিল্পের প্রসারের সঙ্গে সঙ্গে দেশীয় সংস্থাগুলির জন্যও নতুন ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে।