কলকাতারাজ্যের খবর

বিয়ের প্রথম বছরেই এমন কাণ্ড! বিধায়ক কৌস্তভের বাড়িতে চার কার্তিক, ২০০ জনের ভোজে ব্যস্ত নবদম্পতি!

এই অভিনব কাণ্ডে রাতারাতি বদলে গিয়েছে বিধায়ক ও তাঁর স্ত্রী প্রীতি বাগচীর মঙ্গলবারের যাবতীয় পরিকল্পনা

Truth of Bengal: কার্তিক পুজোর আগে রাতের অন্ধকারে বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে আসার রীতি বাংলায় বেশ পরিচিত। আর সেই মজার রীতিতেই এবার কার্যত ব্যস্ততা বেড়ে গেল ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচীর বাড়িতে। একটি-দুটি নয়, একেবারে চার-চারটি কার্তিক ঠাকুর হাজির তাঁর বাড়িতে! শুধু প্রতিমা রেখেই শেষ হয়নি দায়িত্ব। সঙ্গে পৌঁছে দেওয়া হয়েছে চিঠি, তাতে লেখা রয়েছে নিরামিষ ভোজের এলাহি মেনুও। আর কর্মীদের এই অভিনব কাণ্ডে রাতারাতি বদলে গিয়েছে বিধায়ক ও তাঁর স্ত্রী প্রীতি বাগচীর মঙ্গলবারের যাবতীয় পরিকল্পনা। এখন আদালত কিংবা অন্য কোনও কর্মসূচি নয়, তাঁদের ব্যস্ততা কার্তিক পুজোর আয়োজন নিয়ে।

২০২৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন পেশায় আইনজীবী কৌস্তভ বাগচী ও প্রীতি বাগচী। বিয়ের পর থেকেই এই দম্পতিকে ঘিরে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল কার্তিক ফেলার পর্ব। জানা গিয়েছে, ব্যারাকপুর সাংগঠনিক জেলার দলীয় কর্মীরাই সোমবার গভীর রাতে বিধায়কের বাড়িতে হাজির হন। সঙ্গে নিয়ে আসেন চারটি কার্তিকের প্রতিমা এবং ভোজের জন্য খাবারের তালিকা লেখা চিঠি। কর্মীদের এই চমকে কার্যত হাসির রোল ওঠে বাড়িতে। কী রয়েছে সেই ভোজের মেনুতে? কৌস্তভ বাগচী জানিয়েছেন, তাঁদের বাড়িতে পুজোর সময় সাধারণত আমিষ খাবার তৈরি হয় না। তাই কর্মীদের পাঠানো তালিকাতেও রাখা হয়েছে সম্পূর্ণ নিরামিষ পদ। মেনুতে রয়েছে পোলাও, কচুরি, ছোলার ডাল, আলুর দম, পনির, চাটনি এবং পাপড়। সব মিলিয়ে প্রায় ২০০ জনের খাওয়াদাওয়ার আয়োজন করা হচ্ছে। পুজোপর্ব শেষ হওয়ার পর রাতেই হবে এই বিশেষ ভোজ।

তবে কার্তিক ফেলার জেরে শুধু খাবারের আয়োজনই বাড়েনি, বাতিল করতে হয়েছে বিধায়ক ও তাঁর স্ত্রীর একাধিক পূর্বনির্ধারিত কর্মসূচিও। কৌস্তভের কথায়, মঙ্গলবার সকালে দু’জনেরই আদালতে যাওয়ার কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে সেই পরিকল্পনা বদলাতে হয়েছে। কয়েকটি মামলার শুনানির বিষয়ে জুনিয়র আইনজীবীদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন তিনি। এমনকী, বেলডাঙায় ভারত সেবাশ্রম সংঘের একটি অনুষ্ঠানেও তাঁর যোগ দেওয়ার কথা ছিল। কার্তিক মহারাজের আমন্ত্রণে সেখানে যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেই কর্মসূচিতেও উপস্থিত থাকতে পারছেন না তিনি। অন্যদিকে, বাড়িতে একসঙ্গে চারটি কার্তিক ঠাকুর হাজির হওয়ায় স্ত্রী প্রীতি বাগচীও হাসিতে ফেটে পড়েন। কৌস্তভ জানিয়েছেন, মূলত নিছক মজা করেই দলীয় কর্মীরা এই কাণ্ড ঘটিয়েছেন। যাঁরা রাতের অন্ধকারে কার্তিক ঠাকুর নিয়ে হাজির হয়েছেন, তাঁদেরই খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। আলাদা করে কাউকে নিমন্ত্রণ করার পরিকল্পনা নেই। তবে বাড়ির আশপাশের মানুষজন এবং কর্মীদের নিয়ে মোট প্রায় ২০০ জনের ভোজের আয়োজন করা হচ্ছে।

Related Articles