ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ, ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের সাংসদ
Truth of Bengal: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক মামলায় আইনি চাপে পড়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ডিজে বাজানো নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সোমবার, ১৬ নভেম্বর এই মামলার শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় অভিষেকের আইনজীবীকে। শেষ পর্যন্ত আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন ডিজে বাজানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়। তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। গ্রেপ্তারির আশঙ্কায় এর আগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। গত ২১ মে আদালত তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়। একই সঙ্গে তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ৬ নভেম্বর পর্যন্ত অভিষেককে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল আদালত। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই, অর্থাৎ প্রায় ১০ দিন আগে, রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন জানান তাঁর আইনজীবী। সোমবার আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে মামলাটির দ্রুত শুনানির আর্জি জানান।
তবে শুনানির শুরুতেই রক্ষাকবচের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে প্রশ্ন করেন বিচারপতি। তাঁর বক্তব্য, মেয়াদ শেষ হওয়ার আগেই কেন আদালতকে বিষয়টি জানানো হয়নি? জবাবে অভিষেকের আইনজীবী জানান, একাধিক মামলার ব্যস্ততার কারণে এই মামলাটির দিকে যথাসময়ে নজর দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত বলেও আদালতকে জানান তিনি। আইনজীবীর এই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। তিনি জানান, সেক্ষেত্রে মামলার শুনানি ডিসেম্বর মাসে অথবা আগামী বছরের জানুয়ারিতে করা হতে পারে। যদিও অভিষেকের আইনজীবী বারবার দ্রুত শুনানির আবেদন জানান। শেষ পর্যন্ত তাঁর অনুরোধে সাড়া দিয়ে আগামী শুক্রবার মামলাটির শুনানি করতে সম্মত হয় আদালত। ফলে আপাতত শুক্রবারের শুনানির দিকেই নজর রয়েছে। ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হবে কি না, আদালত সেদিন কী সিদ্ধান্ত নেয়, তা স্পষ্ট হবে পরবর্তী শুনানিতেই।






