ঋতব্রত শিবিরের এক্স অ্যাকাউন্ট সাসপেন্ড, কালীঘাটের বিরুদ্ধে রিপোর্ট করার অভিযোগ!
সকাল থেকে এক্স (সাবেক টুইটার)-এ আর খুঁজে পাওয়া যাচ্ছে না গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডল
Truth of Bengal: তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের আবহেই এবার সমাজমাধ্যমে বড় ধাক্কা খেল ঋতব্রত শিবির। সোমবার সকাল থেকে এক্স (সাবেক টুইটার)-এ আর খুঁজে পাওয়া যাচ্ছে না গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডল। অ্যাকাউন্টে ঢুকলেই দেখা যাচ্ছে ‘Account Suspended’ বার্তা। এক্স-এর তরফে জানানো হয়েছে, প্ল্যাটফর্মের নিয়ম ও নীতিমালা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়। তবে ঠিক কী কারণে ঋতব্রত শিবিরের অ্যাকাউন্টের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় সরাসরি কালীঘাট শিবিরের দিকে অভিযোগের আঙুল তুলেছে ঋতব্রতপন্থীরা। তাদের দাবি, পরিকল্পিতভাবে রিপোর্ট করিয়ে অ্যাকাউন্টটি বন্ধ করানো হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ফলে দলের দুই শিবিরের রাজনৈতিক সংঘাত এবার নতুন করে ছড়াল সমাজমাধ্যমেও।
উল্লেখ্য, তৃণমূলে ভাঙনের পর থেকেই দলের নাম ও নির্বাচনী প্রতীক জোড়াফুলের অধিকার নিয়ে দুই শিবিরের মধ্যে টানাপড়েন চলছে। বিষয়টি এখনও নির্বাচন কমিশনের বিবেচনাধীন। গত ১৭ সেপ্টেম্বর রাতে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে কমিশন জানায়, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীক আপাতত ফ্রিজ় করে রাখা হবে। পরবর্তী সময়ে রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য দুই গোষ্ঠীকে পৃথক নাম ও প্রতীক বরাদ্দ করে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নাম রাখা হয় ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। তাদের নির্বাচনী প্রতীক ‘ফুটবল পায়ে ফুটবলার’। অন্যদিকে, ঋতব্রত শিবিরের পরিচয় হয় ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’। তাদের প্রতীক হিসেবে বরাদ্দ করা হয় ‘খাম’।
দল ভাগ হওয়ার পর থেকেই দুই শিবির পৃথকভাবে নিজেদের সমাজমাধ্যমের উপস্থিতি তৈরি করে। তৃণমূলের পুরনো এক্স হ্যান্ডলটি মমতা শিবিরের দখলে থাকলেও ঋতব্রতপন্থীরা আলাদা ইউজ়ারনেমে নতুন অ্যাকাউন্ট চালু করেন। সোমবার সকালে সেই অ্যাকাউন্টই সাসপেন্ড হওয়ার খবর সামনে আসে। ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঋতব্রত শিবিরের মুখপাত্র ঋজু দত্ত। তাঁর অভিযোগ, নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না আসায় কালীঘাট শিবির রিপোর্ট করে তাদের অ্যাকাউন্ট বন্ধ করিয়েছে। ঋজুর কথায়, অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও নথি দিয়ে চেষ্টা চালানো হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে, যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন কালীঘাট শিবিরের বিধায়ক আলিফা আহমেদ। তাঁর দাবি, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার ঘটনায় মমতা শিবিরের কোনও ভূমিকা নেই। পাল্টা ঋতব্রতপন্থীদের বিজেপি পরিচালিত সরকারের ‘বি টিম’ বলে কটাক্ষ করেছেন তিনি। আলিফার বক্তব্য, এই অভিযোগের সত্যতা যাচাই করতে হলে রাজ্য পুলিশের মাধ্যমে তদন্ত করানো হোক। তাঁর দাবি, প্রকৃত বিরোধী হিসেবে তাঁরাই বিভিন্ন ক্ষেত্রে লড়াই চালাচ্ছেন এবং নিজেরাও সমাজমাধ্যমে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।






