রাজ্যের খবর

আবাস যোজনায় ৫৭ হাজার ভুয়ো প্রাপক! টাকা ফেরতের ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, প্রায় ১২ হাজার অযোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে আবাসের টাকা পৌঁছেছিল।

জ্যোতির্ময় দত্ত, নবান্ন : সরকারি আবাস প্রকল্পের টাকা বণ্টনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঘিরে এবার বড়সড় পদক্ষেপের পথে রাজ্য সরকার। প্রকৃত উপভোক্তাদের জন্য বরাদ্দ সরকারি অর্থ যাতে কোনওভাবেই অযোগ্য বা ভুয়ো ব্যক্তির হাতে না যায়, তা নিশ্চিত করতে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অযোগ্য হিসেবে চিহ্নিত উপভোক্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাপ্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার নবান্ন সভাঘর থেকে ‘পশ্চিমবঙ্গ আবাস’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বিতরণ অনুষ্ঠানে এই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সমীক্ষায় উঠে আসা ৫৭ হাজার সন্দেহভাজন ভুয়ো উপভোক্তার বিষয়ে তদন্তের নির্দেশ ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। এই ঘটনায় সিট গঠন করে সিআইডি তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

একদিকে আবাসের টাকা, অন্যদিকে দুর্নীতির হিসাব

এদিনের অনুষ্ঠানে রাজ্যের ৭ লক্ষ ১৭১ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির অর্থ পাঠানো হয়। সব মিলিয়ে ৪ হাজার ২০০ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। নবান্ন সভাঘরে সশরীরে উপস্থিত ছিলেন ১৮০ জন উপভোক্তা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

তবে উপভোক্তাদের হাতে অর্থ তুলে দেওয়ার এই কর্মসূচি শুধু সরকারি প্রকল্পের সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বরং আবাস প্রকল্পের তালিকায় কীভাবে অনিয়ম ঢুকে পড়েছে, তা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ১২ হাজার উপভোক্তা নির্ধারিত সরকারি শর্ত পূরণ করেন না। অথচ তাঁদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পৌঁছে গিয়েছে। তাঁদের মধ্যে এক হাজার জন টাকা ফেরত দিলেও এখনও বাকি রয়েছেন প্রায় ১১ হাজার জন। তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, ৩০ নভেম্বরের মধ্যে সরকারি অর্থ ফেরত দিতে হবে। অন্যথায় আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে।

৫৭ হাজার নাম নিয়ে আরও বড় প্রশ্ন

তদন্তের পরিধি আরও বাড়িয়েছে ৫৭ হাজার সন্দেহভাজন ভুয়ো উপভোক্তার তথ্য। সমীক্ষায় এমন কিছু নাম পাওয়া গিয়েছে, যাঁদের বাস্তব অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠেছে। অভিযোগ, মৃত কিংবা অন্যত্র স্থানান্তরিত ব্যক্তিদের নাম ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে সরকারি অর্থ তুলে নেওয়া হয়েছে।

এই অনিয়মের নেপথ্যে কারা রয়েছেন, কারা উপভোক্তাদের নাম সুপারিশ করেছিলেন এবং প্রশাসনিক স্তরে কোথায় গাফিলতি ছিল, তা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সিআইডির মাধ্যমে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, সরকারি কোষাগারের টাকা কোনওভাবেই নয়ছয় হতে দেওয়া যাবে না। সরকারি আধিকারিকদের ভূমিকা নিয়েও তদন্ত হবে। কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা অনিয়মের প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুর্নীতি রুখতে ফিরছে সক্রিয় এসিবি

শুধু আবাস প্রকল্প নয়, রাজ্যের বিভিন্ন সরকারি দফতর ও প্রকল্পে দুর্নীতি এবং আর্থিক অনিয়ম বন্ধ করতেও একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা রাজ্য দুর্নীতি দমন শাখা বা এসিবি-কে ফের সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক স্তরে স্বচ্ছতা ফেরানো এবং সরকারি অর্থের অপচয় বন্ধ করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

ঘর তৈরিতে মিলবে আরও আর্থিক সহায়তা

দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের পাশাপাশি প্রকৃত উপভোক্তাদের জন্য বাড়তি সুবিধার কথাও ঘোষণা করা হয়েছে। পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, আবাস প্রকল্পের উপভোক্তারা বাড়ি তৈরির পাশাপাশি ‘বিকশিত ভারত জি রামজি’ প্রকল্পের অধীনে ৯০ থেকে ৯৫ দিনের কাজের মজুরি বাবদ প্রায় ৩০ হাজার টাকা পাবেন। শৌচালয় নির্মাণের জন্য দেওয়া হবে আরও ১২ হাজার টাকা। ফলে বাড়ি তৈরির কাজে সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকার আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

নির্মাণসামগ্রীর দাম নিয়ন্ত্রণেও নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে ইট ও বালির দাম যাতে অস্বাভাবিকভাবে না বাড়ে, সে বিষয়ে জেলাশাসকদের সতর্ক থাকতে বলা হয়েছে। উপভোক্তারা যাতে প্রতি নির্দিষ্ট পরিমাণ বালি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে কিনতে পারেন, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়াও আবাস প্রকল্পের উপভোক্তাদের ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ প্রকল্পের আওতায় এনে সৌরবিদ্যুতের সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সব মিলিয়ে আবাস প্রকল্পকে কেন্দ্র করে রাজ্য সরকারের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ—একদিকে প্রকৃত উপভোক্তাদের হাতে বাড়ি তৈরির অর্থ পৌঁছে দেওয়া, অন্যদিকে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা। ৩০ নভেম্বরের সময়সীমা পেরনোর পর এই ঘটনায় প্রশাসন কতটা কঠোর পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর থাকবে।

Related Articles