টালা ট্যাঙ্কের ফাটা পাইপ মেরামতির কাজ শুরু, বাইপাস লাইনে জল সরবরাহ চালু হলেও ভোগান্তি কমছে না শহরবাসীর!
৪৮ ইঞ্চি ব্যাসের একটি পাইপ ব্যবহার করে লিকেজ বাইপাস করে আপাতত জল সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে
Truth of Bengal: টালা ট্যাঙ্কের জলের পাইপ ফেটে বিপর্যয়ের পর অবশেষে মেরামতির কাজে হাত দিল কলকাতা পুরসভা। ৭২ ইঞ্চি ব্যাসের মূল পাইপলাইনের ফাটল সারানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মেরামতির কাজ চলাকালীন যাতে শহরে পানীয় জল সরবরাহ পুরোপুরি বন্ধ না হয়ে যায়, তার জন্য বিকল্প ব্যবস্থাও চালু করেছে পুরসভা। ৪৮ ইঞ্চি ব্যাসের একটি পাইপ ব্যবহার করে লিকেজ বাইপাস করে আপাতত জল সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। কিন্তু বিকল্প ব্যবস্থা চালু হলেও মধ্য কলকাতার বাসিন্দাদের দুর্ভোগ এখনও কাটেনি। বউবাজার-সহ একাধিক এলাকায় পর্যাপ্ত পানীয় জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। কোথাও জল এলেও তার চাপ অত্যন্ত কম। ফলে প্রয়োজনীয় জল সংগ্রহ করতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। মূল ৭২ ইঞ্চির পাইপলাইন মেরামত না হওয়া পর্যন্ত এই বাইপাস ব্যবস্থার মাধ্যমেই শহরে জল সরবরাহ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে পুরসভার।
প্রসঙ্গত, টালা ট্যাঙ্কের ৭২ ইঞ্চির মূল জল সরবরাহকারী পাইপলাইনে ফাটল ধরা পড়তেই বিপত্তির সূত্রপাত। পরিস্থিতি সামাল দিতে প্রথমে ওই পাইপলাইন বন্ধ রেখে বিকল্প পথে জল সরবরাহ সচল রাখার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। টালা ব্রিজের শেষ প্রান্তে থাকা ১২ ইঞ্চির সাপ্লাই লাইন ব্যবহার করে বাইপাস পদ্ধতিতে জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে মূল পাইপলাইনের ফাটল মেরামতির কাজ সম্পূর্ণ করা হবে। পুরসভার তথ্য অনুযায়ী, টালা ট্যাঙ্কে প্রতিদিন প্রায় ৯ মিলিয়ন গ্যালন জল ধরে রাখার ক্ষমতা রয়েছে। পলতা থেকে মোট ছ’টি পাইপলাইনের মাধ্যমে জল এসে পৌঁছয় এই জলাধারে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পাইপলাইনে ফাটল ধরায় জল সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। এর জেরে টালা সংলগ্ন এলাকা ছাড়াও কলকাতার একাধিক জায়গায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে।
এর আগে পাইপ ফেটে যাওয়ার ঘটনায় টালা এলাকায় কার্যত বিপর্যয় নেমে আসে। বড় রাস্তা থেকে শুরু করে পাড়ার অলিগলি, সর্বত্র জল জমে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় টালা বারোয়ারি চত্বর এবং বনমালী চ্যাটার্জি স্ট্রিট সংলগ্ন এলাকা। সূত্রের খবর, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকাও জলমগ্ন হয়ে পড়ে। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার ঘটনাস্থলে যান পুরপ্রশাসক স্মিতা পাণ্ডে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি। তবে পাইপলাইনের মেরামতির কাজ শুরু হলেও সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে পর্যাপ্ত পানীয় জল? আপাতত বাইপাস ব্যবস্থায় জল সরবরাহ চালু থাকলেও জলের পরিমাণ ও চাপ নিয়ে অসন্তোষ রয়েই গিয়েছে শহরবাসীর মধ্যে।






