ঋতব্রত ছেড়ে মমতার শিবিরে ফিরতেই নিরাপত্তা প্রত্যাহার! বিস্ফোরক অভিযোগ অভিষেক-ঘনিষ্ঠ বিধায়কের
কোটি টাকা উদ্ধারের এক সপ্তাহের মধ্যেই বড় অ্যাকশন! রাতারাতি নিরাপত্তা হারালেন তৃণমূলের হেভিওয়েট বিধায়ক
Truth of Bengal: ডায়মন্ড হারবারের পার্টি অফিস থেকে কোটি টাকারও বেশি নগদ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার বড়সড় প্রশাসনিক পদক্ষেপের মুখে পড়লেন মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদ। বুধবার তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা চারজন রক্ষীকে একযোগে তুলে নিয়েছে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, বিধায়কের বাড়ির হাউস গার্ড ও ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, সবই প্রত্যাহার করা হয়েছে।
প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তের নেপথ্যে যুক্তি হিসেবে পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে শামিম আহমেদ নিজের বাড়িতে থাকছেন না। এমনকি তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে তাঁর নিরাপত্তারক্ষীদের কাছেও কোনও সুনির্দিষ্ট তথ্য নেই। বিধায়কের এই দীর্ঘ অনুপস্থিতির কারণেই নিরাপত্তারক্ষীদের বসিয়ে না রেখে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশের দাবি।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার থানার সরিষার একটি তৃণমূল পার্টি অফিসে তল্লাশি চালিয়ে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। শালবনী জমি দুর্নীতি মামলায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে দফায় দফায় জেরা করার পরই ওই পার্টি অফিসের হদিশ মিলেছিল। আর সেই পার্টি অফিসটি ছিল বিধায়ক শামিম আহমেদেরই। এই ঘটনার আগে পর্যন্ত শামিম দাবি করেছিলেন যে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে রয়েছেন। কিন্তু টাকা উদ্ধারের ঠিক পরেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শামিমকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন এবং এরপরই শামিম নির্বাচন কমিশনে ই-মেল করে জানান যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলেই রয়েছেন।
মমতা শিবিরে ফেরার এক সপ্তাহের মধ্যেই নিরাপত্তা প্রত্যাহারের ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন শামিম আহমেদ। তাঁর দাবি, বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর শোভনদেব চট্টোপাধ্যায়ের বদলে তিনি ঋতব্রতকেই বিরোধী দলনেতা হিসেবে চেয়েছিলেন। ঋতব্রত যে বিধায়কদের তালিকা জমা দিয়েছিলেন, তাতে সই না করায় প্রথমে তাঁকে নিরাপত্তা দেওয়া হয়নি। পরবর্তীতে ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পরই তাঁকে সরকারি নিরাপত্তা দেওয়া হয়েছিল। কিন্তু এখন ফের মমতা শিবিরে নাম লেখানোর কারণেই রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর নিরাপত্তা কেড়ে নেওয়া হল বলে বিস্ফোরক দাবি করেছেন এই তৃণমূল বিধায়ক।






