কলকাতা

‘দলের একনিষ্ঠ সৈনিককে হারালাম’, উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণে শোকস্তব্ধ মমতা!

প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক হিসেবে তিনি দল এবং সাধারণ মানুষের জন্য দীর্ঘদিন কাজ করেছেন

Truth of Bengal: প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে প্রয়াত নেতার সঙ্গে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করেছেন তিনি। পাশাপাশি উজ্জ্বল বিশ্বাসের জীবনের শেষ কয়েক মাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তুলে ধরে রাজনৈতিক প্রতিহিংসা ও হেনস্থার অভিযোগে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। শোকবার্তায় মমতা জানিয়েছেন, উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক সহকর্মীর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বিশ্বাসের সূত্রে তাঁদের মধ্যে গড়ে উঠেছিল ব্যক্তিগত স্নেহের সম্পর্কও। প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক হিসেবে তিনি দল এবং সাধারণ মানুষের জন্য দীর্ঘদিন কাজ করেছেন। তৃণমূল কংগ্রেসের প্রতি তাঁর নিষ্ঠা, আনুগত্য এবং নিঃস্বার্থ পরিষেবার কথাও পোস্টে উল্লেখ করেছেন মমতা। তাঁর মতে, উজ্জ্বল বিশ্বাসের চলে যাওয়া দলের কাছে এক অপূরণীয় ক্ষতি।

তবে প্রয়াত নেতার স্মৃতিচারণের পাশাপাশি তাঁর জীবনের শেষ কয়েক মাসের ঘটনাবলি নিয়েও সরব হয়েছেন মমতা। তাঁর অভিযোগ, কয়েক মাস আগে উজ্জ্বল বিশ্বাসের উপর হামলা চালানো হয়েছিল। এরপর তাঁকে ৪৯ দিন জেলে থাকতে হয়। একাধিক মিথ্যা মামলায় জড়ানোর পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতনের মুখেও পড়তে হয়েছিল তাঁকে বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী। মমতা জানিয়েছেন, সেই সময় তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন উজ্জ্বল বিশ্বাস। নিজের উপর ঘটে যাওয়া অত্যাচার, অপমান এবং ভয় দেখানোর অভিজ্ঞতার কথা তাঁকে জানিয়েছিলেন প্রয়াত নেতা। রাজনৈতিক আদর্শে অবিচল থাকা এবং তৃণমূল কংগ্রেস না ছাড়ার কারণেই তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বলে অভিযোগ মমতার। সেই সাক্ষাতের সময় উজ্জ্বল বিশ্বাসের কথায় যে যন্ত্রণা ও অসহায়তার ছাপ ছিল, তা তাঁর স্মৃতিতে থেকে যাবে বলেও জানিয়েছেন তিনি।

এই ঘটনাকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বাংলায় ভয় দেখানো, হেনস্থা এবং রাজনৈতিক নিপীড়নের পরিবেশ তৈরি করা হচ্ছে। রাজনৈতিক আনুগত্যের কারণে কাউকে মিথ্যা মামলায় জড়ানো কিংবা রাজনৈতিক অবস্থান পরিবর্তন না করার জন্য শাস্তির মুখে ঠেলে দেওয়া গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে উদ্বেগজনক বলেও মন্তব্য করেছেন তিনি। মমতার দাবি, রাজনৈতিক মতপার্থক্য কখনও নিষ্ঠুর আচরণ বা রাষ্ট্রযন্ত্রকে প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহারের যুক্তি হতে পারে না। পোস্টের শেষাংশে ব্যক্তিগত শোকের কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, উজ্জ্বল বিশ্বাসের মৃত্যুতে একটি পরিবার তাদের প্রিয়জনকে হারাল, তৃণমূল কংগ্রেস হারাল দলের এক নিবেদিতপ্রাণ কর্মীকে। আর তিনি হারালেন দীর্ঘদিনের স্নেহ, বিশ্বাস ও সংহতির সম্পর্কের একজন মানুষকে। প্রয়াত নেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর সাহস, রাজনৈতিক নিষ্ঠা এবং মানুষের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করেছেন মমতা। প্রতিকূল পরিস্থিতিতেও নিজের আদর্শে অটল থাকার জন্য উজ্জ্বল বিশ্বাসকে মনে রাখবেন বলেও জানিয়েছেন তিনি।

Related Articles