কলকাতা

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের সাড়ে তিন কোটির সম্পত্তি ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করল ইডি

চন্দ্রনাথ সিংহের নাম প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে উঠে আসে কুন্তল ঘোষের তথ্যের ভিত্তিতে।

Truth Of Bengal: চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সংস্থা ইডি । সূত্রের খবর, তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি, যার বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা, ফ্রিজ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

চন্দ্রনাথ সিংহের নাম প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে উঠে আসে কুন্তল ঘোষের তথ্যের ভিত্তিতে। ২০২৪ সালের মার্চে ইডি তাঁর বাড়িতে তল্লাশি চালায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তল্লাশির পর নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। সেই সঙ্গে চন্দ্রনাথ সিংহের মোবাইল ফোনও ইডি হাতে নেন। চন্দ্রনাথ দাবি করেন, বাজেয়াপ্ত টাকা কৃষিকাজ ও জমি বিক্রির আয়ের অর্থ।

এরপর ২০২৪ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথকে একাধিক নোটিশ পাঠানো হয়। কেন্দ্রীয় তদন্তকারীরা মন্ত্রীর এবং তার পরিবারের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির নথি সংগ্রহ করেন। ৬ অগাস্ট ওই মামলায় চার্জশিট দাখিল করা হয়।

মন্ত্রীর হেফাজতে নেওয়ার জন্য ইডি আদালতে আবেদন করলেও, আদালত শর্তসাপেক্ষে চন্দ্রনাথের জামিন মঞ্জুর করে। তবে বর্তমানে কেন্দ্রীয় সংস্থাটি তাঁর সম্পত্তি ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করেছে, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।