পালাবদলের পর প্রথম ভাইফোঁটা, কালীঘাটে মমতার বাড়িতে নেই চেনা ভিড়! কোথায় দেখা গেল চেনামুখদের?
ভাইফোঁটার মূল আয়োজন ঘিরে ব্যস্ততা দেখা গেল বাইপাসের ধারে মেট্রোপলিটনের তৃণমূল ভবনে
Truth of Bengal: রাজ্যে পালাবদলের পর প্রথম ভাইফোঁটা। আর সেই প্রথমবার কালীঘাটের বাড়িতে ভাইফোঁটার চেনা আয়োজন দেখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। প্রতি বছর ভাইফোঁটার দিন রাজ্য রাজনীতির নজর থাকত হরিশ চ্যাটার্জি লেনের বাড়ির দিকে। রাজনৈতিক নেতা থেকে শুরু করে পরিচিত মুখ, অনেকেই হাজির হতেন ‘দিদি’র কাছ থেকে ফোঁটা নিতে। কিন্তু এবার সকাল থেকেই ছিল অন্য ছবি। বাড়ির সামনে নেই লালবাতি গাড়ির আনাগোনা, নেই পরিচিত অতিথিদের ভিড়। বরং ভাইফোঁটার মূল আয়োজন ঘিরে ব্যস্ততা দেখা গেল বাইপাসের ধারে মেট্রোপলিটনের তৃণমূল ভবনে।
এদিন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেট্রোপলিটনের তৃণমূল ভবনে আয়োজন করা হয়েছিল ভাইফোঁটার অনুষ্ঠানের। সেখানে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছ থেকে ফোঁটা নেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মদন মিত্র, শান্তনু সেন-সহ একাধিক নেতা। তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত উপস্থিতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। অন্যান্য নেতাদের সঙ্গেই এক সারিতে বসে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছ থেকে ভাইফোঁটা নেন বাবুন। অর্থাৎ যাঁর পরিচয়ের সঙ্গে ‘দিদি’ শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে, তাঁর নিজের ভাইকেই দেখা গেল অন্য এক ‘দিদি’র কাছে ফোঁটা নিতে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তাহলে কি বাবুন বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থানেও কোনও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে? তিনি কি এবার গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে চলেছেন? যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় একটি কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের সেই পুজোয় উপস্থিত হয়ে মায়ের আরতিও করেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বাবুন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বাবুন বলেন, “দাদা বললেন, কালীপুজোয় তোমাদের কাছে আসতে পেরে ভালো লাগল। শুভেন্দু দার কাছে একটাই প্রার্থনা, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।” তবে ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশি কথা বলার সুযোগ হয়নি বলেও জানান তিনি।






