দেশ

দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, লিটার প্রতি কত?

আগামী বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হবে

Truth of Bengal: উৎসবের মরশুমে ফের মধ্যবিত্তের পকেটে টান! এবার দাম বাড়ল দুধের। লিটার প্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম বড় দুগ্ধ উৎপাদনকারী সংস্থা মাদার ডেয়ারি (Mother Dairy)। সংস্থার ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হবে। তবে আপাতত দিল্লি ও এনসিআর অঞ্চলের ক্রেতাদেরই বাড়তি দাম গুনতে হবে। দেশের অন্যান্য শহরে একইভাবে দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা। মাদার ডেয়ারির তরফে জানানো হয়েছে, বিভিন্ন ধরনের দুধের দাম আলাদা আলাদা হারে বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ফুল ক্রিম দুধের এক লিটারের পাউচের দাম ৭২ টাকা থেকে বেড়ে হচ্ছে ৭৬ টাকা। অর্থাৎ এক ধাক্কায় ৪ টাকা দাম বাড়ল। টোনড দুধের ক্ষেত্রে বাল্ক প্যাকের দাম ৫৮ টাকা থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। অন্যদিকে, টোনড দুধের পাউচের দাম ৬০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬২ টাকা।

একইভাবে ডবল টোনড দুধের দামও লিটার প্রতি ২ টাকা বাড়ানো হয়েছে। আগে যেখানে এই দুধের দাম ছিল ৫৪ টাকা, এখন তা কিনতে খরচ হবে ৫৬ টাকা। অন্যদিকে, মাদার ডেয়ারির গরুর দুধের দাম ৬২ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৫ টাকা। অর্থাৎ এই ক্ষেত্রে ক্রেতাদের অতিরিক্ত ৩ টাকা দিতে হবে। কিন্তু হঠাৎ কেন এই মূল্যবৃদ্ধি? সংস্থার ব্যাখ্যা, দুধ উৎপাদনকারীদের কাছ থেকে কাঁচা দুধ কেনার খরচ ক্রমাগত বাড়ছে। পাশাপাশি পশুখাদ্য, পরিবহণ এবং উৎপাদন সংক্রান্ত বিভিন্ন খরচও বেড়েছে। ফলে উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে বাধ্য হয়েই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

এদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে এমনিতেই চাপে সাধারণ মানুষ। চাল, ডাল, তেল থেকে শুরু করে বাজারের একাধিক সামগ্রীর দাম সামলাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা। তার উপর রান্নাঘরের অত্যন্ত প্রয়োজনীয় উপাদান দুধের দাম বাড়ায় সংসারের মাসিক খরচ আরও বাড়বে বলেই আশঙ্কা। বিশেষ করে শিশুদের খাবার, চা-কফি এবং মিষ্টি তৈরিতে যাঁদের নিয়মিত দুধ প্রয়োজন, তাঁদের পকেটে বাড়তি চাপ পড়বে।