রাজ্যের খবর

শেষ ইলিশের মরশুম! জালে মিলল না পর্যাপ্ত মাছ, চড়ল দাম, টাটকা ইলিশের জন্য অপেক্ষা এক বছরের

এ বছর ইলিশের মরশুম মোটেও ভালো যায়নি মৎস্যজীবীদের

Truth of Bengal: এ বছরের মতো শেষ হয়ে গেল ইলিশ ধরার মরশুম। মাছের রানির দেখা পেতে এবার অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। রায়দিঘি মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। সংগঠনের সভাপতি অলোক হালদার জানিয়েছেন, মৎস্যজীবীরা রাসপূর্ণিমা পর্যন্ত ইলিশ ধরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আপাতত ইলিশ ধরার মরশুম শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বছর ইলিশের মরশুম মোটেও ভালো যায়নি মৎস্যজীবীদের। জালে মাঝেমধ্যে বড় আকারের ইলিশ উঠলেও পর্যাপ্ত পরিমাণে মাছের ঝাঁক মেলেনি। ফলে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা হয়নি। মৎস্যজীবীদের বক্তব্য, বৃষ্টির সঙ্গে ইলিশের আগমনের বিশেষ সম্পর্ক রয়েছে। বর্ষার বৃষ্টি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রে ইলিশের পরিমাণও কমতে শুরু করে। সংগঠনের সদস্য রবীন দাসের কথায়, বৃষ্টি হলে ইলিশের দেখা মেলে। কিন্তু এ বছর মাছ ধরতে গিয়ে যথেষ্ট আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাঁদের। তবে ইলিশ ধরার মরশুম শেষ হলেও সমুদ্রে মাছ ধরা বন্ধ হচ্ছে না। বিকল্প হিসেবে এবার পাতা, বোমলা, নোনা ভেটকি-সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ধরার দিকে নজর দিচ্ছেন মৎস্যজীবীরা। চৈত্র মাস পর্যন্ত চলবে এই মাছ ধরার কাজ। ইলিশের ব্যবসায় যে ক্ষতি হয়েছে, অন্য সামুদ্রিক মাছ ধরে তার কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করবেন তাঁরা।

এদিকে, বাজারেও ইলিশের জোগান কম থাকায় আকাশছোঁয়া হয়েছে দাম। বর্তমানে প্রতি কেজি ইলিশের দাম শুরু হচ্ছে প্রায় ২ হাজার টাকা থেকে। ভালো মানের কিছু ইলিশের দাম কেজি প্রতি ২২০০ থেকে ২৩০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। তুলনায় এক কেজির কম ওজনের ইলিশ মিলছে প্রায় ১১০০ টাকা কেজি দরে। মৎস্যজীবীদের আশঙ্কা, আগামী দিনে দাম আরও বাড়তে পারে। ফলে আগামী দিনে বাজারে যে ইলিশ পাওয়া যাবে, তার বেশিরভাগই হিমঘরে সংরক্ষিত মাছ অথবা ভিনরাজ্য ও অন্য জায়গা থেকে আসা ইলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই সেগুলি কিনতে গুনতে হবে মোটা টাকা। টাটকা সামুদ্রিক ইলিশের স্বাদ পেতে অপেক্ষা করতে হবে পরবর্তী মরশুমের জন্য।