“কমিউনিস্টরা এসব করছে”, শব্দবাজির তাণ্ডব বিতর্কে বামেদের আক্রমণ শুভেন্দুর
"সনাতনের জাগরণ সহ্য হচ্ছে না কিছু লোকের!", হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানকে বিকৃত করার অভিযোগে সরব শুভেন্দু
Truth of Bengal: সোমবার রাজ্যজুড়ে উৎসবের আলোয় মেতে উঠেছিল কালীপুজোর রাত। তবে সেই আলোর উৎসবের মাঝেও নিষিদ্ধ শব্দবাজির দৌরাত্ম্য নিয়ে একাধিক মহল থেকে সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে। শব্দবাজি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের তরফ থেকে আগে থেকেই কড়া বার্তা দেওয়া হয়েছিল, এমনকী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও শুধুমাত্র সবুজ আতসবাজি ফাটানোর আবেদন জানিয়েছিলেন। তা সত্ত্বেও বাজি ফাটানো নিয়ে বিতর্ক শুরু হতেই দিঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, “সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শব্দবাজি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসন সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আমার মনে হয়েছে বাজি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল।”
“কমিউনিস্টরা অভিযোগ করছে”, নাম না করে বাম আক্রমণ
শব্দবাজির তাণ্ডব নিয়ে লাগাতার অভিযোগ ওঠার প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানান, “এসব আসলে কমিউনিস্টরা করছে।” তাঁর বক্তব্য, রাত ১০টার পর দু-এক জায়গায় বাজি ফেটে থাকতে পারে, তবে পুলিশ সেখানে অত্যন্ত কড়া হাতে আইনি ব্যবস্থা নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা কখনওই পরিবেশ দূষণ সমর্থন করি না। কিন্তু দীপাবলির দিনে মানুষ একটু আনন্দ করবে, আলো জ্বালাবে, গ্রিন ক্র্যাকার ফাটাবে, তাতে এত অসুবিধা হওয়ার কী আছে?”
বামেদের নাম না করে তীব্র আক্রমণ শানিয়ে তিনি আরও বলেন, “সনাতন ধর্মের এমন অভূতপূর্ব জাগরণ ঘটেছে বলেই কিছু লোকের খুব কষ্ট হচ্ছে। যাঁরা আজ এসব নিয়ে অভিযোগ করছেন, তাঁরা একসময় আমাদের হিন্দুদের এই পরম ধর্মীয় অনুষ্ঠানগুলোকে নিছক সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছিলেন। শাস্ত্রকে সমাজ থেকে সরিয়ে দিয়েছিলেন।”
প্রশাসনের প্রশংসা ও ডিজে বন্ধের যুক্তি
শব্দবাজি রুখতে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পুলিশ এবং বিভিন্ন এনজিঅ (NGO) প্রতিনিধিরা রাতভর রাস্তায় সক্রিয় ছিলেন। প্রচুর বেআইনি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে।
একইসঙ্গে যাঁরা বাজি নিয়ে সরকারের সমালোচনা করছেন, তাঁদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সময়ের বাইরে বাজি ফাটানো নিয়ে যাঁরা সমালোচনা করছেন, রাজ্য সরকার যে কড়া হাতে ডিজে (DJ) বন্ধ করেছে, তাঁদের তো সেই সিদ্ধান্তের প্রশংসাও করা উচিত।” তাঁর দাবি, আগে ডিজের তাণ্ডবে ভয়ংকর অবস্থা হত, কিন্তু এবার অন্তত রাস্তার পাশে কোনও ডিজে শুনতে পাওয়া যায়নি।






