কলকাতা

জলের তোড়ে ভাসছে টালার রাস্তা! পাইপ ফেটে রেললাইনেও জল, কোন কোন ট্রেন বন্ধ?

জানা গিয়েছে, টালা ব্রিজের নিচে রেললাইনের পাশ দিয়ে যাওয়া ৭২ ইঞ্চির বিশাল জলের পাইপ ফেটেই এই বিপত্তি

Truth of Bengal: টালা এলাকায় জলের পাইপ ফেটে বিপর্যস্ত জনজীবন। সোমবার সকাল থেকেই জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। বড় রাস্তা থেকে শুরু করে পাড়ার অলিগলি, সর্বত্রই জমে রয়েছে জল। বিশেষ করে টালা বারোয়ারি চত্বর এবং বনমালী চ্যাটার্জি স্ট্রিট সংলগ্ন এলাকায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সূত্রের খবর, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকাও জলের তলায় চলে গিয়েছে। কী কারণে এই পাইপ ফাটল, তা এখনও স্পষ্ট নয়।

জানা গিয়েছে, টালা ব্রিজের নিচে রেললাইনের পাশ দিয়ে যাওয়া ৭২ ইঞ্চির বিশাল জলের পাইপ ফেটেই এই বিপত্তি। পাইপ ফেটে হু হু করে জল বেরিয়ে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এমনকী, রেললাইনেও জল জমে যাওয়ায় বন্ধ করে দিতে হয়েছে চক্র রেল পরিষেবা। টালা থেকে মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলাচল আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বনমালী সরকার স্ট্রিটে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

এদিকে, পরিস্থিতি খতিয়ে দেখতে জলমগ্ন এলাকা পরিদর্শনে যান পুরপ্রশাসক স্মিতা পাণ্ডে। দ্রুত পাইপ মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন তিনি। তবে আচমকা এই জল বিপর্যয়ের জেরে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আপাতত সেই অপেক্ষাতেই দিন গুনছেন তাঁরা।