রাজ্যের খবর

“পুলিশকে গুলি করলে লাড্ডু ছুড়বে না, গুলিই চালাবে”, রায়গঞ্জের এনকাউন্টার নিয়ে বিস্ফোরক সুকান্ত

"আত্মরক্ষার অধিকার পুলিশের রয়েছে!", রায়গঞ্জ কাণ্ডে পুলিশি এনকাউন্টারকে সরাসরি সমর্থন কেন্দ্রীয় মন্ত্রীর

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: রায়গঞ্জে পুলিশের সঙ্গে এনকাউন্টারে এক অভিযুক্তের মৃত্যুর ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। তাঁর স্পষ্ট বক্তব্য, পুলিশের উপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালাবে। এই প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশকে গুলি চালালে পুলিশ লাড্ডু ছুড়বে না, গুলি ছুড়বে।”

সুকান্ত মজুমদারের দাবি, পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় সে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এমনকী পুলিশের গাড়িতেও গুলির দাগ পাওয়া গিয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, পুলিশ আক্রান্ত হলে আত্মরক্ষায় পাল্টা পদক্ষেপ করবেই।

এদিন মহিলাদের উপর অত্যাচার এবং ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থানও স্পষ্ট করেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে তাঁদের সরকার অত্যন্ত কঠোর। আগের সরকারের আমলে নির্যাতিতাদের চরিত্র ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হলেও বর্তমান সরকার নির্যাতিতাদের দিকেই থাকবে বলে দাবি করেন তিনি।

সরকার গঠনের আগেই এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের যে আশ্বাস দেওয়া হয়েছিল, তা কার্যকর করা শুরু হয়েছে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ আমরা এ বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট করছি।”

তাঁর আরও বক্তব্য, মহিলাদের উপর যে কোনও ধরনের অত্যাচার, বিশেষ করে ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে আইনি পথে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা করবে সরকার।

Related Articles