রাজ্যের খবর

নাড্ডার কনভয়ে হামলায় ৬ বছর পর গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা ইমরান

ভোটের আগে হুমকি, বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর! যুব তৃণমূল সভাপতির বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ

Truth of Bengal: একুশে বিধানসভা নির্বাচনের আগে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। ২০২০ সালের ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবার যাওয়ার পথে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে নজিরবিহীন হামলার ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। সেই রক্তক্ষয়ী ঘটনার প্রায় ৬ বছর পর, অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত দাপুটে তৃণমূল নেতা ইমরান হাসান। বুধবার গভীর রাতে দেউলা সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে উস্তি থানার পুলিশ।

কে এই ইমরান হাসান?

ধৃত ইমরান হাসান মগরাহাট (পশ্চিম) বিধানসভা কেন্দ্রের যুব তৃণমূল সভাপতি ছিলেন। এলাকায় তাঁর দাপট ছিল প্রশ্নাতীত। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে শুধুমাত্র জে পি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগই নয়, ২০২১ সালের নির্বাচনের আগে বিজেপি নেতাকর্মীদের হুমকি দেওয়া, তাঁদের ওপর শারীরিক অত্যাচার, ঘরবাড়ি ভাঙচুর এবং বোমাবাজির মতো একাধিক গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে। দীর্ঘ ৬ বছর ধরে তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করেছিলেন।

সেই ভয়ঙ্কর ১০ ডিসেম্বর: কী ঘটেছিল নাড্ডার কনভয়ে?

২০২১-এর হাইভোল্টেজ নির্বাচনের ঠিক আগে ডায়মন্ড হারবারে সভা করতে যাচ্ছিলেন জে পি নাড্ডা। তাঁর গাড়িতে সেই সময় উপস্থিত ছিলেন তৎকালীন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ-সহ কেন্দ্র ও রাজ্যের একাধিক শীর্ষ নেতা। অভিযোগ, ডায়মন্ড হারবার যাওয়ার পথে সরিষা এবং পরে ফলতায় অতর্কিতেই তাঁদের কনভয় লক্ষ্য করে শুরু হয় ভয়াবহ ইটবৃষ্টি।

পরিকল্পিতভাবে একের পর এক নেতার গাড়ি টার্গেট করে লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালানো হয়। ইটের আঘাতে দিলীপ ঘোষের গাড়ির কাঁচ পুরোপুরি ভেঙে যায়। গুরুতর আহত হন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এই ঘটনায় তৃণমূল জমানায় কেউ গ্রেফতার না হলেও রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

৬ বছর পর নড়েচড়ে বসল প্রশাসন

রাজ্যে পালাবদলের পর গোটা ঘটনার তদন্ত শুরু হতেই একের পর এক নাম সামনে আসতে শুরু করে। তদন্তে নেমে পুলিশ একে একে মগরাহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তৌসিফ আহমেদ মোল্লা ওরফে বাচ্চু, আরিফ হোসেন, আনিসুর রহমান, সঞ্জীব মণ্ডল এবং রিপনকে গ্রেফতার করে। সম্প্রতি এই মামলায় অন্যতম অভিযুক্ত জাহাঙ্গির খানকেও গ্রেপ্তার করেছে উস্তি থানার পুলিশ। এবার পুলিশের জালে ইমরান হাসান। এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। ৬ বছর পর এই হাইপ্রোফাইল গ্রেফতারে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles