দেশ

ট্রাম্পের হারে বিশ্ববাজারে স্বস্তি! কমল তেলের দাম, রকেট গতিতে ছুটল সেনসেক্স

বৃহস্পতিবারও সেই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকল।

Truth of Bengal: আমেরিকার মিডটার্ম নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বড় ধাক্কা! আর তার প্রভাবেই বিশ্ববাজারে ফিরছে স্বস্তি। বুধবার থেকেই চাঙ্গা হতে শুরু করেছিল ভারতের শেয়ার বাজার। বৃহস্পতিবারও সেই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকল। বাজার খোলার পরই একলাফে প্রায় ১৪০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স। পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী নিফটিও। অন্যদিকে, বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। ব্যারেলপ্রতি ১০০ ডলারের গণ্ডি পেরিয়ে যাওয়া তেলের দাম নেমে এসেছে ৯৪ ডলারে।

বুধবার সেনসেক্স ৩৮৩.৫৫ পয়েন্ট বেড়ে ৭৭,৩০১.৪০ পয়েন্টে বন্ধ হয়েছিল। বৃহস্পতিবার বাজার খুলতেই সেই গতি আরও বাড়ে। একসময় সেনসেক্স প্রায় ১৫০০ পয়েন্ট বেড়ে ৭৮ হাজারের ঘর ছুঁয়ে ফেলে। প্রায় ৩০০ পয়েন্ট বৃদ্ধি হয় নিফটিরও। অধিকাংশ সংস্থার শেয়ারেই দেখা যায় উত্থান। বিশেষ করে ইন্ডিগোর শেয়ারে উল্লেখযোগ্য বৃদ্ধি নজরে এসেছে।

শেয়ার বাজারের পাশাপাশি শক্তিশালী হয়েছে ভারতীয় মুদ্রাও। বুধবারের তুলনায় ডলারের নিরিখে ২৯ পয়সা বেড়ে টাকার মূল্য দাঁড়িয়েছে ৯৪.৩৬-এ। অন্যদিকে, দীর্ঘদিন ধরে চলা ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে অস্বাভাবিকভাবে বেড়েছিল অপরিশোধিত তেলের দাম। কিন্তু ট্রাম্পের নির্বাচনী ধাক্কার পর যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বাণিজ্যমহলের একাংশের ধারণা, রাজনৈতিক চাপের মুখে ইরান যুদ্ধ থেকে সরে আসতে পারেন ট্রাম্প। সেই প্রত্যাশাতেই তেলের দামে পতন। ভারতের মতো তেল আমদানিনির্ভর দেশের কাছে যা বড় স্বস্তির খবর।

এদিকে, ট্রাম্পের সঙ্গে সম্পর্কিত শেয়ারগুলির পরিস্থিতি ভালো না হলেও মার্কিন শেয়ার বাজারে নির্বাচনের ফল প্রকাশের পর উল্লেখযোগ্য উত্থান দেখা গিয়েছে। সেই ইতিবাচক প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। মঙ্গলবার থেকেই ঊর্ধ্বমুখী ছিল দেশীয় শেয়ার বাজার। পাশাপাশি কিছুটা কমেছে সোনার দামও। সব মিলিয়ে ধনতেরাসের আগে শেয়ার বাজার, তেল ও সোনার দামে স্বস্তির ইঙ্গিত দেখছেন বাজার বিশেষজ্ঞরা।

Related Articles