কলকাতারাজ্যের খবর

অন্নপূর্ণা থেকে বার্ধক্য ভাতা, দীপাবলির আগেই টাকা পাঠানোর সিদ্ধান্ত সরকারের

পাশাপাশি রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা প্রকল্প’ চালুর প্রস্তুতিও চলছে।

Truth of Bengal: দীপাবলির আগেই রাজ্যের উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনা-সহ একাধিক সামাজিক প্রকল্পের টাকা। বুধবার রাতে নবান্ন থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণা অনুযায়ী, উৎসবের আগেই ১ কোটি ৬৫ লক্ষ উপভোক্তার অন্নপূর্ণা যোজনার টাকা, ৮৪ লক্ষ বার্ধক্য ও দিব্যাঙ্গ ভাতা এবং ৩ লক্ষ লোকপ্রসার শিল্পী ভাতা পাঠানো হবে। অন্নপূর্ণা যোজনায় উপভোক্তারা মাসে ৩ হাজার টাকা করে পান।

পাশাপাশি রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা প্রকল্প’ চালুর প্রস্তুতিও চলছে। স্নাতক ও অস্নাতক—উভয় শ্রেণির যুবক-যুবতীদের এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব চূড়ান্ত হওয়ার পর প্রকল্পটি নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।

এছাড়া আগামী ১৩ তারিখ পশ্চিমবঙ্গ আবাস যোজনার ৭ লক্ষ ২০ হাজার উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। এর জন্য প্রায় ৪২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও পরিসংখ্যান তুলে ধরেন তিনি। তাঁর দাবি, রাজ্যে ৪ কোটি ২০ লক্ষ মানুষের আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হয়েছে। ৪ নভেম্বর পর্যন্ত ২ লক্ষ ২০ হাজার মানুষ এই প্রকল্পে চিকিৎসার সুবিধা পেয়েছেন। রাজ্যের বাইরেও প্রায় ৬ হাজার মানুষ এই সুবিধা পেয়েছেন। প্রকল্পের খরচের ৬০ শতাংশ কেন্দ্র এবং ৪০ শতাংশ রাজ্য বহন করছে। রাজ্যের খরচ হয়েছে প্রায় ২৩ কোটি টাকা।

অন্যদিকে, মুর্শিদাবাদে বাবরের নামে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, মুর্শিদাবাদের বহু কৃতী ব্যক্তির নামে মসজিদ তৈরি করা যেতে পারে। কিন্তু বাবরের নামে হলে কোনও প্ল্যান বা অনুমোদন দেওয়া হবে না। এই বিষয়ে জেলার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।