কলকাতারাজ্যের খবর

ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাবে বাংলায় বৃষ্টি! সোমবার কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Truth of Bengal: সোমবার, ২ নভেম্বর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতায় দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি বজায় থাকবে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ সোমবার দক্ষিণ থেকে উত্তর—রাজ্যের দুই প্রান্তেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।