রাজ্যের খবর

দলীয় কার্যালয়ে হামলার পরেই রাজ্য সরকারের হস্তক্ষেপ! সশস্ত্র দেহরক্ষী পেলেন কেষ্ট

শুক্রবার থেকে সশস্ত্র এক রাজ্য সরকারি দেহরক্ষী মোতায়েন করা হয়েছে তাঁর নিরাপত্তায়

Truth of Bengal: সিউড়ির দলীয় কার্যালয়ে হামলার ঘটনার পর থেকেই অনুব্রত মণ্ডলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার মহালয়ার আগে তাঁকে সরকারি নিরাপত্তা দিল রাজ্য সরকার। শুক্রবার থেকে সশস্ত্র এক রাজ্য সরকারি দেহরক্ষী মোতায়েন করা হয়েছে তাঁর নিরাপত্তায়। কয়েকদিন আগেই সিউড়ির দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের সামনেই হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। সেই ঘটনায় কার্যালয়ে ভাঙচুর হয় এবং অনুব্রতকে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপর থেকেই তাঁর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।

শুক্রবার অনুব্রতের সিউড়ির দলীয় কার্যালয়ে যাওয়ার কথা ছিল। তবে পুরনো একটি মামলার কাজে ব্যস্ত থাকায় তিনি সেখানে যাননি বলে জানা গিয়েছে। এরই মধ্যে এদিন সকাল থেকেই তাঁর সঙ্গে সরকারি দেহরক্ষী মোতায়েন হয়েছে।অনুব্রত মণ্ডল নিজেই জানিয়েছেন, “আমার দু’জন বেসরকারি নিরাপত্তারক্ষী রয়েছে। আজ সকাল থেকে রাজ্য সরকারের তরফে একজন দেহরক্ষী দেওয়া হয়েছে।”

সিউড়ির ঘটনার পর এই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে কেন এবং কোন মূল্যায়নের ভিত্তিতে সরকারি নিরাপত্তা দেওয়া হল, সে বিষয়ে এখনও জেলা পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles