কলকাতা

শোভাবাজারে মেট্রোর ট্র্যাকে কুকুর! সাতসকালে ব্যাহত পরিষেবা, প্রশ্নের মুখে নিরাপত্তারক্ষীরা

নিরাপত্তার কড়া নজর এড়িয়ে সোজা মেট্রোর ট্র্যাকে কুকুর! শুক্রবার সকালে পাতালপথে এ কী কাণ্ড?

Truth of Bengal: কলকাতায় মেট্রোর ট্র্যাকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা কিংবা আকস্মিক বিভ্রাটের ঘটনা অচেনা নয়। কিন্তু শুক্রবার সকালে এক অতি অদ্ভুত ও অনভিপ্রেত দৃশ্যের সাক্ষী হলেন পাতালপথের যাত্রীরা। এদিন ব্যস্ত সময়ে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনের ট্র্যাকে আচমকাই নেমে পড়ে একটি পথকুকুর! ঘটনাটি নজরে আসামাত্রই চালক ও স্টেশন কর্তৃপক্ষের তত্পরতায় তড়িঘড়ি আপ ও ডাউন লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শুরু হয় কুকুরটিকে নিরাপদে উদ্ধারের কাজ, যার জেরে সকালের ব্যস্ত সময়ে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় মেট্রো পরিষেবা।

সাধারণত মেট্রো স্টেশন মানেই নিরাপত্তার নিশ্ছিদ্র ঘেরাটোপ। স্টেশনে প্রবেশের মুখে প্রতিটি যাত্রীর ব্যাগ এক্স-রে মেশিনে পরীক্ষা করা হয়, মেটাল ডিটেক্টরে তল্লাশি চলে এবং টিকিট স্ক্যান করার পর ফ্রিস্কিং পার হয়ে তবেই প্ল্যাটফর্মে পা রাখা যায়। সারাক্ষণ নজরদারির জন্য মোতায়েন থাকেন নিরাপত্তা কর্মীরা। কিন্তু এই সমস্ত কড়া প্রহরাকে ফাঁকি দিয়ে কীভাবে একটি চারপেয়ে প্রাণী ভেতরে ঢুকে ট্র্যাকে নেমে গেল, তা নিয়ে স্তম্ভিত যাত্রীরা।

শুক্রবার সকাল ৭টা ৩৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে ছেড়ে আসা একটি মেট্রো রেক শ্যামবাজার স্টেশনে পৌঁছতেই হঠাৎ থমকে যায়। বেশ কিছুক্ষণ গাড়ি আটকে থাকায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ও জল্পনা তৈরি হয়। কিছুক্ষণ পর মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা করে জানানো হয়, পরবর্তী স্টেশন অর্থাৎ শোভাবাজারে ট্র্যাকে একটি পথকুকুর নেমে পড়েছে। কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেকারণে তৃতীয় লাইনের বিদ্যুৎ সংযোগ সঙ্গে সঙ্গে কেটে দেওয়া হয়। প্রায় ১০ মিনিটের চেষ্টায় কুকুরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করার পর পরিষেবা আবার স্বাভাবিক হয়।

তবে মেট্রো স্টেশনে চারপেয়ে প্রবেশের ঘটনা এই প্রথম নয়। অতীতেও কালীপুজো চলাকালীন বাজির বিকট শব্দ থেকে বাঁচতে স্টেশনে কুকুর ঢুকে পড়ার নজির রয়েছে। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে স্বাভাবিকভাবেই মেট্রো কর্মীদের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, প্ল্যাটফর্ম ও গেটে কর্তব্যরত অনেক কর্মীই দায়িত্ব পালনে চরম উদাসীন। ডিউটি চলাকালীন কেউ মোবাইলে বুঁদ থাকেন, আবার কেউ সহকর্মীদের সঙ্গে আড্ডায় ব্যস্ত থাকেন। কর্মীদের এই ঢিলেঢালা নজরদারির খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও এদিনের এই অপ্রীতিকর ঘটনা নিয়ে মেট্রো কর্তৃপক্ষের অফিসিয়াল প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Related Articles